বার্সার সঙ্গে মেসিকে যুক্ত রাখার কৌশল

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১২:২২ এএম

বার্সেলোনায় লিওনেল মেসির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে ২৪ জানুয়ারির ক্লাব প্রেসিডেন্ট নির্বাচনের ওপর। এখন পর্যন্ত যে ক’জন প্রার্থী তাদের পরিকল্পনা উপস্থাপন করেছেন সবাই মেসিকে ক্লাবে রাখাকেই প্রধান এজেন্ডা ঠিক করেছেন। অগুস্তি বেনেদিত্তোও ব্যতিক্রম নন কিন্তু এই প্রার্থী জানালেন ভিন্ন তথ্য। তার চোখে আগামী মৌসুমে মেসির বার্সায় থাকা খুবই কঠিন। তবে মেসির সঙ্গে ক্লাব ভিন্নভাবে যুক্ত হতে চায়। তা হলো আমেরিকার মেজর লিগ সকারে দল কেনা ও মেসিকে সেই দলের অংশীদার রাখা। 

এই মৌসুম শেষেই লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার কাগজে-কলমে সম্পর্ক শেষ। মৌসুম শেষের আগেই নতুন চুক্তি হলে ভিন্ন কথা। কিন্তু ক্লাবের প্রতি মেসির বর্তমান যে মনোভাব তাতে সেই সম্ভাবনা খুবই কম। বেনেদিত্তোও তা-ই বলছেন। তবে মেসিকে ধরে রাখা কঠিন হলেও তার সঙ্গে সম্পর্কের ইতি টানতে চান না তিনি। বেনেদিত্তোর উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম এনবিসি জানিয়েছে, মেসি সম্প্রতি আমেরিকায় খেলার ইচ্ছা পোষণ করেছেন। দেশটিতে বাড়িও কিনেছেন মেসি। সুতরাং মেসির ভবিষ্যৎ গন্তব্য আমেরিকা বলাই যায়। সে হিসাব ধরে বার্সেলোনা আমেরিকার মেজর লিগ সকারে একটি দল কেনার চেষ্টায় আছে। তাতে অংশীদার হওয়ার জন্য মেসিকে আমন্ত্রণ জানানো হবে। চাইলে সেই দলের হয়ে খেলতেও পারেন মেসি। ছয়বারের বর্ষসেরা তারকাকে খুশি করার জন্য তার বন্ধু লুইস সুয়ারেজকেও ওই দলে নেওয়া হবে।

এনবিসির রিপোর্টের সত্যতা এখনই নিশ্চিত হওয়া যায়নি। কারণ মেসির ভবিষ্যৎ দল নিয়ে গুঞ্জনের শেষ নেই। ইউরোপে ম্যানচেস্টার সিটি, পিএসজির পর আমেরিকার নিউইয়র্ক সিটি এফসিতে খেলার খবর এসেছে। নিউইয়র্কের দলটি ম্যানসিটির মালিকানা গ্রুপের পরিচালিত। এছাড়া ডেভিড বেকহ্যামের দল ইন্টার মিয়ামিতেও মেসির খেলার কথা উঠেছে। তাই মেসির ভবিষ্যৎ দল নিয়ে এখন কিছুই বলা যাচ্ছে না।

বেনেদিত্তো বলেন, ‘ক্লাবের জন্য মেসিকে ধরে রাখা সবচেয়ে ভালো খবর হবে। কিন্তু এ ব্যাপারে আমি আশাবাদী নই। ক্লাবের অবস্থা যদি বিবেচনা করা হয় তবে মেসির উচিত সব বিষয় বুঝে এখানেই থেকে যাওয়া। তবে গত সপ্তাহে তার যে সাক্ষাৎকার পড়লাম তাতে আমি হতাশ। আমার মনে হচ্ছে সামনের গ্রীষ্মেই সে চলে যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত