মওদুদ আহমদ আগের চেয়ে ভালো : ফখরুল

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ০১:২৬ এএম

অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার দুপুরে বসুন্ধরায় হাসপাতালে গিয়ে মওদুদকে দেখে আসার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

গতকাল দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে গুজব ছড়িয়ে পড়ে মওদুদ আহমদ মারা গেছেন। এরই মধ্যে প্রায় পৌনে ৩টার দিকে হাসপাতালে যান মির্জা ফখরুল। তিনি অসুস্থ মওদুদ আহমদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি মওদুদ সাহেবকে দেখে এসেছি। উনি আগের চেয়ে ভালো আছেন। উনি আমার সঙ্গে কথা বলেছেন। উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

তিনি বলেন, ‘মওদুদ সাহেব ভালো আছেন। আমি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের সঙ্গে কথা বলেছি। আজ বৃহস্পতিবার তার হৃদযন্ত্রে স্থায়ী পেস মেকার বসানো হবে। এখন একটা অস্থায়ী পেস মেকার আছে।’

বিএনপি মহাসচিবের সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান ডা. অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনও ছিলেন। গত ৩০ ডিসেম্বর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পেলে মওদুদ আহমদকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মওদুদ আহমদ হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। গত মঙ্গলবার তার নেতৃত্বে ৬ সদস্যের একটি মেডিকেল টিম মওদুদ আহমদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং দ্রুত হৃদযন্ত্রের একটি স্থায়ী পেস মেকার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ ও ডা. জাহিদ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত