অবৈধ সম্পদ অর্জনের মামলা

ওসি প্রদীপের বিরুদ্ধে প্রতিবেদন ফের পেছাল

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ০১:২৮ এএম

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় তদন্ত প্রতিবেদন জমা তৃতীয় দফায় পেছাল। গতকাল বুধবার চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে এ মামলার শুনানির দিন ধার্য ছিল।

এ বিষয়ে দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, দুদকে তদন্ত প্রতিবেদন না আসায় সময় চাওয়া হয়েছে। এটি যেহেতু খুবই স্পর্শকাতর মামলা, তাই একটু সময় লাগছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় প্রার্থনা করা হলে আদালত ১০ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে।

তিনি আরও বলেন, ‘আসামি পক্ষ নোটিস ব্যতিরেকে আদালতে আমরা উপস্থিত হওয়ার পর জামিন আবেদন করেন। সেই আবেদনের শুনানিও ১০ জানুয়ারি হবে।’

২০২০ সালের ১৩ অক্টোবর প্রথম তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত থাকলেও সেদিনও তা জমা দেয়নি দুদক। এরপর ৩০ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছিল আদালত। সেদিনও প্রতিবেদন জমা না দেওয়ায় ৬ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত