মাহেন্দ্র-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তরুণীর

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ০১:২৯ এএম

দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় এক তরুণীসহ চারজন নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। খাগড়াছড়ি সদরে মাহেন্দ্র-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক তরুণী প্রাণ হারিয়েছেন। এছাড়া পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রাক্টর চাপায় এক ব্যবসায়ী ও শরীয়তপুর সদরে ট্রলিচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাছাড়া ফেনীতে টিকটক ভিডিও বানাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ আহত হয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :

চট্টগ্রাম : বাঁশখালীতে মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. জসিম উদ্দীন চৌধুরী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকালে পিএবি সড়কের পাইরাং হট্টইলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জসিম উদ্দীন উপজেলার সরল ইউনিয়নের প্রয়াত শফিকুর রহমান চৌধুরীর ছেলে। স্থানীয়রা জানান, সকাল  সাড়ে ৯টার দিকে পাইরাং হট্টইলতলা এলাকায় বাঁশখালীগামী একটি অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী জসিম উদ্দীনের মৃত্যু হয়। বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সফিউল কবীর জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

খাগড়াছড়ি : সদর উপজেলায় মাহেন্দ্র ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নুসরাত জাহান (১৮) নামে এক তরুণী নিহত হয়েছে। গতকাল দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আলুটিলা বড় ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নুসরাত মাটিরাঙ্গার হারুন অর রশিদের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে মাটিরাঙ্গাগামী মাহেন্দ্রটি আলুটিলা বড় ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্র যাত্রী নুসরাতের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত হন নুসরাতের মা তৈয়বা বেগমসহ আরও ৬ জন। খাগড়াছড়ি সদর মডেল থানার ওসি (তদন্ত) গোলাম আবছার জানান, ট্রাক ও মাহেন্দ্রটি জব্দ করা গেলেও চালকরা পালিয়ে গেছে।

পঞ্চগড় : আটোয়ারীতে বালুবাহী ট্রাক্টর চাপায় জীবন সেন (২৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকালে পঞ্চগড়-রুহিয়া সড়কের আটোয়ারী কলেজ মোড় সরদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জীবন উপজেলার রসেয়া সেনপাড়া এলাকার ভোলানাথ সেনের ছেলে। স্থানীয়রা জানান, গতকাল সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন জীবন। পথে পঞ্চগড়-রুহিয়া সড়কের কলেজ মোড় সরদার পাড়া এলাকায় বালুবাহী একটি ট্রাক্টর জীবনের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আটোয়ারী থানার ওসি মো. ইজার উদ্দীন জানান, ট্রাক্টরটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শরীয়তপুর : সদর উপজেলায় ট্রলিচাপায় বিজয় দত্ত রবি (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের পালং উত্তর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিজয় নোয়াখালীর সুধারাম উপজেলার সেনবাড়ি বিনোদপুর গ্রামের কান্তি দত্তের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে করে শরীয়তপুর মডেল টাউনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন বিজয়। পথে পালং উত্তর বাজার এলাকায় ইটবোঝাই একটি ট্রলির চাপায় ছিটকে পড়ে গুরুতর আহত হন বিজয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পালং মডেল থানার ওসি মো. আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

ফেনীতে টিকটক ভিডিও বানাতে গিয়ে আহত ২ তরুণ : সদর উপজেলায় টিকটকের ভিডিও ক্লিপ বানাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহিউল (২১) ও ফায়েল (২০) নামে দুই তরণ আহত হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার পাঁচগাছিয়ায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে মোটরসাইকেলে করে পাঁচগাছিয়া এলাকায় টিকটক ভিডিও বানাতে যাচ্ছিলেন দুই বন্ধু মহিউল ও ফায়েল। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে আহত হয় তারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত