‘ঢাকা ক্লাসিকো’ জিতে ফাইনালে বসুন্ধরা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ০৭:০৬ পিএম

অতিরিক্ত সময়ে গড়ানো সেমিফাইনাল ম্যাচটা যখন ২-১ এ জয়ের অপেক্ষায় বসুন্ধরা কিংস, ঠিক তখনই নাটক। কিংসের জালে বল ঠেলে দিলেন আবাহনী লিমিটেডের নাবিব নেওয়াজ জীবন। কিন্তু একি! সহকারী রেফারি তুলে রেখেছেন অফসাইডের পতাকা। শেষ পর্যন্ত তাই গোল বঞ্চিত আবাহনী। যা নিয়ে ছড়াল বারুদে উত্তেজনা।

সহকারী রেফারির ওপর চড়াও হলেন আবাহনীর খেলোয়াড়রা। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটা ৩-১ নিজেদের করল বসুন্ধরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা জায়গা করে নিল ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে। ১০ জানুয়ারি সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তারা শিরোপা ধরে রাখার লড়াইয়ে মাঠে নামবে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়ে কিংসরা জোড়া গোল আদায় করে ফাইনালের টিকিট কেটেছে।

ঢাকার ফুটবলে বসুন্ধরা ও আবাহনীর লড়াই মানেই এখন বাড়তি উত্তেজনা। অনেক দর্শকের কাছে তো ‘ঢাকা ক্লাসিকো’ হিসেবেই স্বীকৃতি পেয়ে গেছে এই দ্বৈরথ। মাঠের লড়াইয়ের সঙ্গে মাঠের বাইরের নানা অনুষঙ্গ যোগ হয়ে এই লড়াই এখন হয়ে গেছে মর্যাদার লড়াই।

বিশেষ করে ২০১৮ সালে দুই দলের এক ম্যাচকে ঘিরেই এই লড়াইয়ের শুরু। যে ম্যাচটা দুই দলের খেলোয়াড়রা শুধু হাতাহাতি নয়, কিল-ঘুষির সঙ্গে ফ্লাইং কিকে জড়িয়ে যায়।

এদিনও উত্তেজনা ছড়াল। তবে সেটা দুই দলের হাতাহাতিতে গড়ায়নি। শেষ মুহূর্তে গোল বঞ্চিত হওয়াতেই আবাহনীর খেলোয়াড়রা সহকারী রেফারির ওপর বেপরোয়া হয়ে ওঠে। যদিও জীবন বল জালে ঠেলার আগে অফসাইডের ফাঁদ এড়াতে পারেননি।

শুরুটা অবশ্য আবাহনী দারুণই করেছিল। ম্যাচের ৩১ মিনিটে ফ্রান্সিসকো তোরেসের গোলে এগিয়ে যায় আকাশি-নীল শিবির। প্রথমার্ধ এগিয়ে থেকেই শেষ করে মারিও লামোসের দল।

তবে দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে অস্কার ব্রুজনের বসুন্ধরা। ৫১ মিনিটে জোনাথন ফার্নান্দেস সমতায় ফেরান কর্পোরেট দলটিকে। এরপর কোনো দলই স্কোর করতে না পারায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। যার দ্বিতীয়ার্ধে রাউল বেসেরা ২-১ এ লিড এনে দেন কিংসদের।

এরপর জীবনের ওই অফসাইডে গোল বাতিল হওয়া ও দীর্ঘ উত্তেজনা। যা শেষে ম্যাচ শুরু হলে ফের গোল আদায় করেন কিংসের জোনাথন ফার্নান্দেস। তাতে ৩-১ জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা। ফেড কাপ থেকে বিদায় ঘণ্টা বেজে যায় রেকর্ড ১১ বারের চ্যাম্পিয়ন আবাহনীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত