ভারতীয় দূতাবাসের সামনের রাস্তায় ফেলানীর ভাস্কর্য স্থাপনের পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে আয়োজিত ‘ফেলানী হত্যা দিবসে সীমান্ত আগ্রাসনবিরোধী কনভেনশনে’ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ডা. জাফরুল্লাহ বলেন, ‘ফেলানী হত্যা দিবস আমাদের নিজেদের স্বার্থে দুটি কাজ করতে হবে। দুটি ভাস্কর্য করতে হবে। একটা কুড়িগ্রামের সীমান্তে, যেখানে তাকে হত্যা করা হয়েছে। আর একটা বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনের রাস্তায়।’
তিনি বলেন, ‘বাংলাদেশ একটি প্রতারণার স্বর্গরাজ্য, বাংলাদেশ লুটপাটের স্বর্গরাজ্য। করোনার প্রতিষেধক ভ্যাকসিন ইউরোপে যেখানে ২ ডলার, আমাদের এখানে সাড়ে ৪ বা ৫ ডলার। ভ্যাকসিন উৎপাদনে ব্যয় খুব কম। যদি ১ ডলার দাম হয় তাহলে ৪০ টাকা লাভ হবে। ইউরোপীয় ইউনিয়নের যদি ভ্যাকসিনের দাম ২ ডলার হয় তাহলে আমাদের এখানে ৫ ডলার কেন? কারণ আমরা চুরি করি, দুর্নীতি করি, সেই কারণে ভ্যাকসিনের দাম বাড়ছে।’
লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি নুরল হক নুর, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ প্রমুখ।
