অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। এর আগে গত ৪ জানুয়ারি টিকাটি আমদানির এনওসি (অনাপত্তিপত্র) দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।
মোহাম্মদ সালাউদ্দিন দেশ রূপান্তরকে বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ভ্যাকসিন, যেটা সেরাম ইনস্টিটিউট উৎপাদন করছে সেটার ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দেওয়া হলো আজ (গতকাল)। এতে এই টিকা দেশে এনে ব্যবহারের আর কোনো বাধা রইল না।
তিনি জানান, গতকাল পাবলিক হেলথ ইমার্জেন্সি কমিটির মিটিং ছিল। ১৪ সদস্যের সে কমিটির সুপারিশে ভ্যাকসিনের মূল্যায়ন, রিভিউসহ সবদিক পর্যালোচনা করে অনুমতি দেওয়া হয়।
ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত এই টিকার তিন কোটি ডোজ কিনতে দুই মাস আগেই চুক্তি করে বাংলাদেশ। গত ৪ জানুয়ারি সেই টিকা অনুমোদনের খবর দিয়েছিল ঔষধ প্রশাসন অধিদপ্তর। এ বিষয়ে মোহাম্মদ সালাউদ্দিন জানান, এর আগে দেওয়া হয়েছিল অনাপত্তিপত্র। মানে ওই এনওসি দিয়ে টিকা আমদানি করতে পারবে।
