ইচ্ছা থেকেই শীর্ষে নিউজিল্যান্ড

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ০২:১৫ এএম

১৯৩০ সালে টেস্ট ক্রিকেট শুরুর পর ১৯৫৬ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল নিউজিল্যান্ডকে। ২৬ বছর পর নিজেদের টেস্ট ইতিহাসে প্রথম জয়ের দেখা পায় কিউইরা। এবার টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতেও বিশাল সময় লাগল দলটির। ২০২১ সালের শুরুতে এসে প্রথমবার টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার সুখবর পেল নিউজিল্যান্ড। দলকে টেস্টের সেরা দলে রূপান্তর করায় গর্বিত কোচ গ্যারি স্টিড। তার চোখে সব ক্রিকেটারের ভালো করার মানসিকতায় দলটিকে শীর্ষে তুলে এনেছে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে খোশ মেজাজেই আছেন নিউজিল্যান্ড কোচ। একে তো দল র‌্যাঙ্কিং শীর্ষে, তার ওপর টানা দুই সিরিজে ঘরের মাঠে বিপক্ষকে হোয়াইটওয়াশ করার সাফল্য। পাশাপাশি সবচেয়ে বড় ব্যাপার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেই ফাইনাল খেলার হাতছানি। সব অর্জনের জন্য শিষ্যদের ধন্যবাদ দেওয়া স্টিড বলেন, ‘আমরা যা পেয়েছি মানে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা অসাধারণ অর্জন। আমরা জানি এই পর্যায়ে সবসময় থাকব না, কারণ র‌্যাঙ্কিং বদল হয়। কিন্তু আসল ব্যাপারটা হলো যারা দলকে এই উচ্চতায় এনেছে তাদের মানসিকতা। এই দলের সবাই প্রতিটি ম্যাচে ভালো করতে চায়, নিজেদের সেরাটা দেয়। তারা সবাই জানে এই র‌্যাঙ্কিং কোনো বিষয় নয়। আমাদের প্রতি ম্যাচ নতুন করে খেলতে হবে এবং আগের মতোই ভালো করার মানসিকতা থাকতে হবে।’ নিজেদের মাঠকে দুর্গ বানিয়েছে নিউজিল্যান্ড। ২০১৭ থেকে ঘরের মাঠে কোনো টেস্ট হারেনি তারা। এই সময়ে মোট ১৭ টেস্ট খেলেছে নিউজিল্যান্ড। ভারতের কাছে অ্যাওয়েতে ২০১৬-১৭ সালে ৩-০তে হারা এবং অস্ট্রেলিয়ার কাছে গত বছর ৩-০তে হারতে হয়েছিল নিউজিল্যান্ডকে। তবে এটা স্বাভাবিক বললেন স্টিড, ‘এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সব দলকেই নিজেদের মাঠের চেয়ে বিপক্ষের মাঠে জিততে বেগ পেতে হয়। কিন্তু আমরা গত তিন বছরে খুব বাজে ছিলাম না। শ্রীলঙ্কায় ১-১ ড্র করেছি ২০১৯-এ। তার আগের বছর আরব আমিরাতে পাকিস্তানের সঙ্গে ২-১-এ সিরিজ জিতেছিলাম। সব মিলিয়ে আমরা বেশ ভালো টেস্ট দল হিসেবে নিজেদের গড়ে তুলেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত