শ্রমিক-পুলিশকে পিটিয়ে আটক ছাত্রলীগ নেতা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ০২:৩৫ এএম

আশুলিয়ায় বকেয়া বেতনসহ ফ্যাক্টরি খুলে দেওয়ার দাবিতে আন্দোলনরত শ্রমিক ও উপস্থিত শিল্পপুলিশ সদস্যকে মারধরের অভিযোগে থানা ছাত্রলীগ নেতা বাহার উদ্দিনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার সানা সামিনুর রহমান। 

এর আগে একই দিন সকালে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে শাহীন ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা আন্দোলন করতে থাকলে তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ নেতা বাহার ও তার বাহিনী। পরে পুলিশ তাদের বাধা দিলে এক পুলিশ সদস্যকে মারধর করেন তারা। আটক বাহার উদ্দিন আশুলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আহত পুলিশ সদস্যের নাম আলমগীর।

শিল্পপুলিশ জানায়, আশুলিয়ার ডিইপিজেডের একটি কারখানার শ্রমিকরা দাবি আদায়ে জড়ো হতে চাইলে বাহার ও আলমাস মুন্সির নেতৃত্বে ছাত্রলীগের ১০-১২ জনের একটি বাহিনী তাদের ওপর হামলা চালায়। সেখানে শিল্পপুলিশ (ইন্টেলিজেন্স) কনস্টেবল আলমগীর উপস্থিত থাকায় আলমাস মুন্সি ও বাহার উদ্দিনসহ বেশ কয়েকজন তাকে বাঁশ ও রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। পুলিশ পরিচয় দিয়েও রক্ষা পাননি তিনি। পরে উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার এবং বাহারকে আটক করেন।

শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার সানা সামিনুর রহমান বলেন, ঘটনার পর ছাত্রলীগ নেতা বাহারকে শিল্পপুলিশ-১-এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া আহত পুলিশ সদস্যকে হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত