জুয়া খেলার অপরাধে রাজশাহীতে পুলিশের আট সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশ ও জেলা পুলিশের পৃথক দাপ্তরিক আদেশে সাময়িক বরখাস্ত করে তাদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। মাদক সেবন সন্দেহে তাদের ডোপ টেস্টও করা হবে।
সাময়িক বরখাস্ত হওয়া আটজনের মধ্যে মহানগর পুলিশের (আরএমপি) ছয়জন ও জেলা পুলিশের দুজন। আরএমপির সদস্যরা হলেন, এএসআই আবদুল বারেক, মিজানুর রহমান, নায়েক আফজাল সরকার, কনস্টেবল ফরহাদ হোসেন, আবদুস সালাম ও সাহেদ আলী। তারা সবাই পুলিশ লাইনে কর্মরত ছিলেন। সেখান থেকেই আবাসিক হোটেলে গিয়ে জুয়া খেলছিলেন তারা। আর জুয়া খেলার অপরাধে জেলা পুলিশের দুই কনস্টেবল রফিকুল ইসলাম ও বিপুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আট পুলিশ সদস্যের বরখাস্তের দাপ্তরিক আদেশে বলা হয়েছে, এসব পুলিশ সদস্য বুধবার রাতে নগরীর শেখপাড়া এলাকায় একটি আবাসিক হোটেলের দোতলায় তাস দিয়ে জুয়া খেলছিলেন। খবর পেয়ে রাত ১টা ২২ মিনিটে বোয়ালিয়া থানার এসআই মাসুদ রানা সেখানে যান। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পরে তাদের পুলিশি জিম্মায় নেওয়া হয়।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, এসব পুলিশ সদস্যের এমন কার্যকলাপ বিভাগীয় শৃঙ্খলার পরিপন্থী ও অসদাচরণের শামিল। তাই তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাদকসেবন সন্দেহে তাদের ডোপ টেস্ট করানো হবে। জেলা পুলিশের জ্যেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জেলার দুই সদস্যকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।
