এক মাসে লেনদেন বেড়ে দ্বিগুণ

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ০২:১৭ এএম

চাঙ্গাবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় শেয়ার কেনাবেচার পরিমাণও উল্লেখযোগ্য হারে বাড়ছে। করোনাকালীন বিকল্প বিনিয়োগের সংকটে পুঁজিবাজারে ঝোঁক বাড়িয়েছেন সব ধরনের বিনিয়োগকারীরা। এতে করে এক মাসের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন দ্বিগুণেরও বেশি বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন হয়েছে ১ হাজার ৯৯০ কোটি টাকা, যা গত ১০ ডিসেম্বরের তুলনায় ১৩৮ শতাংশ বেশি। ২০১০ সালের পর ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। সাপ্তাহিক লেনদেন পর্যালোচনায় এমন তথ্য মিলেছে।

গত সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। এ সময় ডিএসইতে তালিকাভুক্ত ৩৬৬টি সিকিউরিটিজের মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ১১১টির ও অপরিবর্তিত রয়েছে ৪২টির। টেলিযোগাযোগ, ব্যাংক, এনবিএফআই, সিমেন্ট, জ্বালানিসহ বেশিরভাগ শেয়ারের দরবৃদ্ধিতে ডিএসইর প্রধান মূল্যসূচক ২১৯ পয়েন্ট বেড়ে ৫৬২১ পয়েন্টে উন্নীত হয়েছে।

পর্যালোচনায় দেখা গেছে, আমানতের সুদ হার ৬ শতাংশের নিচে নেমে আসা, করোনাকালীন ব্যবসা সম্প্রসারণ বন্ধ থাকাসহ বিকল্প বিনিয়োগের সুযোগ কমে আসায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুঁজিবাজারে তাদের অংশগ্রহণ বাড়িয়েছেন। এতে করে একদিকে যেমন শেয়ারের চাহিদা বেড়েছে, তেমনি অন্যদিকে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বাড়ছে।

দেশীয় ইলেকট্রনিক জায়ান্ট ওয়ালটন ও টেলিকম খাতের দ্বিতীয় শীর্ষ অপারেটর রবি আজিয়াটা তালিকাভুক্তির পর পুঁজিবাজারে নতুন নতুন বিনিয়োগকারী আসতে শুরু করেন। এ সময় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও এদের সাবসিডিয়ারিগুলোও নতুন করে বিনিয়োগ বাড়াতে শুরু করে। এসব কারণেই লেনদেন বাড়তে শুরু করে। পর্যালোচনায় দেখা যায়, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন দাঁড়ায় ৭৭৯ কোটি টাকা। পরের সপ্তাহে গড় লেনদেন বেড়ে দাঁড়ায় ৮৩৪ কোটি টাকা। ১৭ ডিসেম্বর ডিএসইতে গড় লেনদেনের পরিমাণ ছিল ৯১৫ কোটি টাকা, যা পরের সপ্তাহে ১ হাজার ১২৪ কোটি টাকায় উন্নীত হয়। লেনদেন বৃদ্ধির ধারাবাহিকতায় ৩০ ডিসেম্বর ডিএসইতে শেয়ার কেনাবেচার গড় দাঁড়ায় ১ হাজার ৪৫০ কোটি টাকায়। এরপর নতুন বছরের শুরুতে পুঁজিবাজারে উল্লম্ফন ধারা অব্যাহত থাকায় বিনিয়োগকারীরাও অংশগ্রহণ বাড়ান। এতে করে গত ৫ জানুয়ারি ডিএসইতে লেনদেন আড়াই হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়, যা গত এক দশকে সর্বোচ্চ। সবমিলিয়ে চলতি বছরের প্রথম সপ্তাহে গড় লেনদেন ১ হাজার ৯৯০ কোটি টাকায় উন্নীত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত