বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মিজান মালিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের প্রতিবেদক আলাউদ্দিন আরিফ। গতকাল শনিবার ক্র্যাব ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ হয়। এতে ১৩টি পদে ২৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে মিজান মালিক পেয়েছেন ১৫৯ ভোট। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মির্জা মেহেদী তমাল পেয়েছেন ১০৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলাউদ্দিন আরিফ। তার প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান বিকু পেয়েছেন ১০৯ ভোট।
সহসভাপতি পদে নিত্য গোপাল তুতু পেয়েছেন ১৩৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহা. জাহাঙ্গীর আলম পেয়েছেন ১২০ ভোট। যুগ্ম সম্পাদক পদে হাসান-উজ-জামান পান ১৪৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল লতিফ রানা পেয়েছেন ১০৫ ভোট। অর্থ সম্পাদক পদে মো. এমদাদুল হক খান ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহরিয়ার আরিফ। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রুদ্র মিজান পেয়েছেন ১৭৭ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফ বাবলু ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে এস. এম. ইসমাঈল হুসাইন ইমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে সাজ্জাদ মাহমুদ খান, আন্তর্জাতিক সম্পাদক পদে রুদ্র রাসেল এবং কল্যাণ সম্পাদক পদে নাহিদ তন্ময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে ১৫৯ ভোট পেয়ে প্রথম সদস্য হয়েছেন গোলাম সাত্তার রনি, ১৪৩ ভোট পেয়ে দ্বিতীয় সদস্য এস এম মিন্টু হোসেন এবং ১১২ ভোট পেয়ে কাজী জামশেদ নাজিম তৃতীয় সদস্য হয়েছেন।
মোট ২৮১ জন ভোটারের মধ্যে ২৭০টি ভোট পড়েছে। তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পারভেজ খান। অন্য দুই সদস্য হলেন দৈনিক জবাবদিহির নির্বাহী সম্পাদক তৌহিদুর রহমান ও সিনিয়র সাংবাদিক আহমদ আতিক।
