মানব পাচারের গল্প নিয়ে প্রাচ্যনাটের ‘পুলসিরাত’

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ০২:৪৬ এএম

প্রচণ্ড গরমে, রোদে পুড়ে মরুভূমির পথে এগিয়ে চলে লরি ট্রাক। এই ট্রাকে করে তিনটি ভাগ্যবিড়ম্বিত জীবন ছুটে চলে স্বপ্নময় এক নতুন সচ্ছল জীবনের প্রত্যাশায়। তিন বয়সের তিনজন মানুষ। আলাদা আলাদা উদ্দেশ্য নিয়ে ফিলিস্তিন থেকে কুয়েতে পাড়ি জমাতে চায়। কুয়েতে গেলেই হয়তো বদলে যাবে কষ্টের জীবন। এমন কাহিনী নিয়েই এগিয়ে চলে ‘পুলসিরাত’ নাটকের গল্প। সারা বিশ্বে মানব পাচারের বিষয়টি মূলত এ নাটকের মূল উপজীব্য।

গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে এ নাটকটির প্রদর্শনী হয়। ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির ‘মেন ইন দ্য সান’ উপন্যাস অবলম্বনে প্রাচ্যনাট নাটকটি মঞ্চে আনে। অনুবাদ করেছেন মাসুমুল আলম, নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল এবং নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।

‘অদ্বৈত’ উপন্যাসের প্রকাশনা উৎসব : কথাসাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণকে নিয়ে জীবনীভিত্তিক উপন্যাস লিখেছেন মানিকরতন শর্মা। গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আলাউদ্দিন সংগীতাঙ্গন মিলনায়তনে ‘অদ্বৈত’ শিরোনামের এ উপন্যাসটির প্রকাশনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। আলোচনায় অংশগ্রহণ করেন আলাউদ্দিন সংগীতাঙ্গনের সাধারণ সম্পাদক মনজুরুল আলম, গবেষক মণীশ রায়, কথাসাহিত্যিক হিমাদ্রিশেখর সরকার, ওসমান গনি সজিব, আবৃত্তিশিল্পী মো. মনির হোসেন। স্বাগত ভাষণ দেন সাহিত্য একাডেমির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন। সঞ্চালনায় ছিলেন সাইফুল ইসলাম রিপন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত