ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করল টুইটার

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ০৩:১৬ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পকে টুইটার থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। টুইটার বলছে, ‘ভবিষ্যতে সহিংসতা উসকে দেওয়ার ঝুঁকি’ থাকার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ৬ জানুয়ারি নতুন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের জয় অনুমোদনের দিনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। সেই বিক্ষুব্ধদের উদ্দেশে ট্রাম্প টুইটে লিখেছিলেন ‘আমি তোমাদের ভালোবাসি’। তাদের ‘দেশপ্রেমিক’ বলেও উল্লেখ করেছিলেন ট্রাম্প।

টুইটারের মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ঘটনার পর শুক্রবার ১২ ঘণ্টার জন্য ট্রাম্পের অ্যাকাউন্ট ব্লক করা হয়েছিল। আবারও নীতিমালা ভাঙলে তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে বলে সতর্কও করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার ট্রাম্পকে স্থায়ীভাবে বরখাস্ত করা হলো।

টুইটার বলছে,  @realDonaldTrump অ্যাকাউন্ট থেকে টুইটগুলো গভীর পর্যবেক্ষণ এবং সেটাকে ঘিরে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে তার ভিত্তিতে তারা এই সিদ্ধান্তটি নিয়েছে।

ট্রাম্প টুইটারে তার প্রতিপক্ষদের অপমান করতেন, মিত্রদের উৎসাহিত করতেন, কর্মকর্তাদের চাকরিচ্যুতি করতেন এবং তার ক্ষোভ প্রকাশ করতেন। তিনি প্রায়ই ইংরেজি ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় অক্ষর ব্যবহার করতেন। এবং তার পয়েন্টটা নজরে আনার জন্য বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত