বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার পাকিস্তানের

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ০৩:১৮ এএম

বাংলাদেশি নাগরিকদের ওপর থেকে সব রকমের ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান। এক বিবৃতিতে ঢাকায় দেশটির হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে। গতকাল শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে সেই বিবৃতি উদ্ধৃক করে বলা হয়েছে, পাকিস্তান বাংলাদেশের কা থেকে একই ধরনের পদক্ষেপ প্রত্যাশা করেছে। কারণ বাংলাদেশ সরকার পাকিস্তানের নাগরিকদের জন্য এ দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।

২০০৯ সালে বাংলাদেশ একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তিক্ত হয়। এ তিক্ততা আরও প্রকট হয়ে ওঠে যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর করা হলে। তিক্ত সম্পর্কের প্রেক্ষাপটেই গত বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহম্মেদ সিদ্দিকির বৈঠক হয়। এরপরই এমন সিদ্ধান্তের কথা জানায় পাকিস্তান।

তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহম্মেদ সিদ্দিকি জানান, বাংলাদেশের পক্ষ থেকেও এমন ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষা করছে ইসলামাবাদ। তিনি বলেন, ‘পাকিস্তানি নাগরিকদের ওপর বাংলাদেশের নিষেধাজ্ঞাগুলো এখনো বলবৎ রয়েছে। তবে আমি প্রতিমন্ত্রীকে জানিয়ে দিয়েছি আমাদের পক্ষ থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।’

বৈঠকে ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের চালানো বর্বর গণহত্যার জন্য দেশটিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় পাকিস্তানি দূত ১৯৭৪ সালে বাংলাদেশ-ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া ত্রিপক্ষীয় চুক্তির একটি অনুলিপি তুলে দেন। বলেন, চুক্তিটি বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত