আবারো এক ছাতার তলে জড়ো হলেন জাতীয় দলের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জন্য রবিবার থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু হয়েছে টাইগারদের। এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। যে মিশনে ক্রিকেটারদের চোখে-মুখে ছিল বাড়তি রোমাঞ্চ।
ওয়ানডে সিরিজের জন্য প্রাথমিক দলে ডাক পাওয়া ২৪ ক্রিকেটার ও টেস্ট দলের ১৮ জন অনুশীলনের প্রথম দিন ঘাম ঝরিয়েছেন। টেস্টের প্রাথমিক স্কোয়াড ২০ জনের। তবে অধিনায়ক মুমিনুল হক ও অফ স্পিনার নাঈম হাসান ইনজুরির কারণে যোগ দিতে পারেননি।
জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়া ক্রিকেটাররা ইনডোর, আউটডোরে ব্যাটিং-বোলিং অনুশীলন সেরেছে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের মূল মাঠে হয়েছে টাইগারদের ফিল্ডিং অনুশীলন।
প্রথম দিনের অনুশীলনের ফাঁকে টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত জানালেন নিজের অনুভূতি। বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় রোমাঞ্চের কথা বলেন তিনি, ‘অবশ্যই অনেক বেশি এক্সাইটেড। অনেক দিন পরে সবাই একসাথে ন্যাশনাল ক্যাম্পে আবার জয়েন করেছি। খুব ভালো একটা প্র্যাকটিস সেশনও হয়েছে এবং উপভোগ করছি।’
‘সবার সাথে একসঙ্গে অনেক দিন পর দেখা হলো। যদিও লাস্ট টুর্নামেন্টটা আমরা একসঙ্গে ছিলাম, কিন্তু একসঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার অনুভূতিটা অন্যরকম।’
করোনার কারণে গত মার্চের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নেই বাংলাদেশ। তবে দীর্ঘ বিরতির পর ফিরলেও খুব একটা সমস্যা হবে না বলে মনে করেন শান্ত। কারণ সেপ্টেম্বর থেকেই ক্রিকেটাররা মাঠে আছেন। এরই মধ্যে একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টও খেলেছেন।
শান্ত বলছেন, ‘ইন্টারন্যাশনাল ক্রিকেটে এক বছর পর আমরা খেলব। আমি মনে করি প্রস্তুতিটা মোটামুটি ভালোই হয়েছে। কারণ সর্বশেষ একটা টুর্নামেন্ট খেলেছি, প্রেসিডেন্টস কাপও আমরা অনেকে খেলেছি। তাই মোটামুটি ভালোই প্রস্তুতি হয়েছে।’
যোগ করলেন, ‘তারপরও অনেক দিন পরে…। সামনে আমাদের প্র্যাকটিস ম্যাচও হবে। এই প্র্যাকটিস ম্যাচগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমার মনে হয় খুব বেশি একটা প্রবলেম হবে না।’
