চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের সম্ভাবনা কাজে লাগিয়ে আগামী ২০ বছরের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে বিশ্ব যখন অর্থনৈতিক বিপর্যয়ের মুখে তখন বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল উল্লেখযোগ্য যা অন্যান্য দেশ থেকে এ দেশকে আলাদা করেছে।
গতকাল রবিবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কার্যালয়ে দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। তুর্কি রাষ্ট্রদূত মতবিনিময় সভায় চট্টগ্রামে তুর্কির এলপিজি প্রতিষ্ঠান ‘অ্যাইগ্যাজ’ ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে উল্লেখ করে একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান। এ ক্ষেত্রে তিনি চিটাগাং চেম্বারের সহায়তা কামনা করেন। এছাড়া চেম্বার আয়োজিত চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পার্টনার কান্ট্রি হিসেবে অংশগ্রহণে তুরস্কের আগ্রহের কথা উল্লেখ করেন।
