জলদি টিকা পাঠাতে মোদিকে চিঠি ব্রাজিলের

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ০৫:৫৯ এএম

ভারত থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কভিড-১৯ টিকার চালান দ্রুত পাঠাতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। গত শুক্রবার তার পাঠানো এ চিঠিটি প্রকাশ্যে আসে বলে জানিয়েছে এএফপি।

বিশ্বের মধ্যে করোনাভাইরাসের দ্বিতীয় সর্বোচ্চ প্রাণঘাতী প্রাদুর্ভাবকবলিত ব্রাজিলে দ্রুত টিকাদান কর্মসূচি শুরু করতে বোলসোনারোর ওপর বাড়তে থাকা চাপের মধ্যে তার প্রেস কার্যালয়  চিঠিটি প্রকাশ করে।

সমালোচকরা বলছেন, দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশের তুলনায় কভিড-১৯-এর টিকা সংগ্রহ ও বিতরণে ব্রাজিল অনেকখানি পিছিয়ে পড়েছে। বোলসোনারোর সরকার কেন এ বিষয়ে আগে থেকে তৎপর হলো না, তা নিয়েও প্রশ্ন তুলছেন তারা।

চিঠিতে বোলসোনারো লিখেছেন, ‘আমাদের জাতীয় টিকাদান কর্মসূচি দ্রুত শুরু করতে, ভারতের টিকাদান কর্মসূচিকে বিঘ্নিত না করে যত দ্রুত সম্ভব ব্রাজিলে ২০ লাখ ডোজ পাঠালে খুশি হব।’

ব্রাজিলের কেন্দ্রীয় অর্থায়নে পরিচালিত ফিয়োক্রুজ বায়োমেডিকেল সেন্টার শুক্রবার জানিয়েছে, তারা ব্রাজিলে অ্যাস্ট্রাজেনেকার কয়েক লাখ ডোজ টিকা উৎপাদনের প্রস্তুতি নিলেও এর জন্য প্রয়োজনীয় বেশকিছু উপাদান এখনো তাদের হাতে পৌঁছায়নি। উপাদানগুলো শনিবার পৌঁছবে বলে আগে জানানো হয়েছিল। চীনে ওই উপাদানগুলো তৈরি হয়; রপ্তানিসংক্রান্ত লাইসেন্সের অপেক্ষায় সেগুলো পৌঁছতে দেরি হচ্ছে বলে জানিয়েছে এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র।

টিকা বানানোর এসব উপাদান জানুয়ারির শেষ নাগাদ ব্রাজিলে পৌঁছতে পারে বলে অনুমান করা হচ্ছে। ফিয়োক্রুজ এখন বিভিন্ন উৎস থেকে টিকার পূর্ণাঙ্গ ডোজই নিয়ে আসার চেষ্টা করছে। তারা ভারতের কাছে আরও টিকা চাইছে, নতুন চাওয়া এ ডোজ এরই মধ্যে ক্রয়াদেশ দেওয়া ২০ লাখ ডোজের বাইরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত