সরকারি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থী ভর্তির জন্য ডিজিটাল লটারির উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সোমবার বিকালে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ডিজিটাল লটারির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
লটারি কার্যক্রম মাউশির ফেইসবুক পেইজ (http://www.facebook.com/dshe.moebd) ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। শিক্ষামন্ত্রী দীপু মনি বোতম চেপে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থীর লটারির কার্যক্রম শুরু ও ফল প্রকাশ করেন।
দীপু মনি বলেন, ভর্তি পরীক্ষা নেওয়া হলে অন্যবছর নির্দিষ্ট কিছু নামী স্কুলের দিকেই তুলনামূলকভাবে মেধাবী শিক্ষার্থীদের ঝোঁক বেশি থাকে। ফলে স্কুল স্কুলে শিক্ষার্থীদের মেধার ভারসাম্য থাকে না। এবার লটারি হওয়ায় সেটা হবে না।
এই লটারির মাধ্যমেই এবার সারা দেশের ৩৯০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে।
অনলাইনে স্কুলে ভর্তির এই লটারি হচ্ছে টেলিটকের বিশেষ সফটওয়্যারের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে। সারা দেশে ৩৯০টি সরকারি স্কুলের ৭৭ হাজার ১৪০টি শূন্য আসনের বিপরীতে মোট ৫ লাখ ৭৪ হাজার ৯২৯জন শিক্ষার্থীর আবেদন লটারিতে জমা পড়েছে।
লটারির জন্য ঢাকা মহানগরীর ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় তিনটি ফিডার শাখাসহ তিনটি গ্রুপে বিভক্ত করা হয়। আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গ্রুপে পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ পাঁচটি স্কুলের নাম দিতে পেরেছে।
এছাড়া সারাদেশের আবেদনকারীরা থানাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা থেকে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়ের নাম দিতে পেরেছে। লটারিতে একজন শিক্ষার্থীকে একটি বিদ্যালয় নির্বাচন করে দেওয়া হচ্ছে।
লটারি শেষ হওয়ার পরে প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকরা টেলিটকের ওয়েবসাইট (http://gsaresult.teletalk.com.bd/home.php) থেকে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল জানতে পারবে।
প্রতিষ্ঠান প্রধানরা ফল পাওয়ার পর তা জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতিকে মেইল করবেন এবং স্কুলের বোর্ডেও টাঙিয়ে দেবেন।
