যারা প্রতিদিন গুগল-ফেইসবুক ব্যবহার করছেন, তারা এটাও জানেন টেক জায়ান্টগুলো আপনার সম্পর্কে অনেক তথ্য জানে। কিন্তু ঠিক কতটুকু তথ্য তাদের কাছে আছে সেটা আপনি চাইলে জানতে পারবেন। ফেইসবুক, গুগল, অ্যাপল, টুইটারের মতো প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটেই কীভাবে জানবেন সে উপায় দেওয়া আছে। ‘জাস্ট গেট মাই ডেটা’ নামের ওয়েবসাইটে এসব তথ্য পেয়ে যাবেন সহজেই।
এই ওয়েবসাইট থেকে ফেইসবুক আপনার সম্পর্কে যা যা তথ্য সংরক্ষণ করে রেখেছে, তা জানতে পারবেন। ইচ্ছা হলে সে তথ্যগুলো নামিয়েও রাখতে পারবেন। কিন্তু ফেইসবুক ওয়েবসাইটের ঠিক কোথায় গেলে তা জানতে পারবেন, তা মনে রাখা কঠিন হতে পারে। ফেইসবুক ছাড়া বর্তমানের এই ডিজিটাল যুগে এমন বহু সেবা রয়েছে। সবগুলো সম্পর্কে খোঁজখবর রাখা দুরূহ। জাস্ট গেট মাই ডেটা ওয়েবসাইট সে কাজটি সহজ করেছে। এক পাতায় সবগুলো লিংক যুক্ত করে দিয়েছে। শুধু তাই নয়, ওয়েবসাইটটি থেকে ব্যবহারকারীর তথ্য পাওয়া সহজ না কঠিন, তাও দেখানো হয়েছে সবুজ, হলুদ ও লাল রঙের মাধ্যমে। ফেইসবুক, গুগল, হোয়াটসঅ্যাপ, অ্যাপলসহ বেশ কিছু ওয়েবসাইটে সবুজ রঙে চিহ্নিত করা আছে, অর্থাৎ সেগুলো থেকে নিজের তথ্য পাওয়া সহজ। ইন্সটাগ্রাম থেকে কিছুটা এবং মাইক্রোসফট থেকে তথ্য পাওয়া বেশ কঠিন বলা হয়েছে সেখানে। ওয়েবসাইটগুলোর তালিকায় কেবল উইকিপিডিয়া থেকে তথ্য পাওয়া সম্ভব নয়। যে ওয়েবসাইট থেকে আপনার তথ্য নামাতে চান, সেটিতে ক্লিক করে এরপর পর্দায় দেখানো নির্দেশনা অনুসরণ করতে হবে।
