ওয়ান-ইলেভেনের সরকার হাতে ধরে আ.লীগকে ক্ষমতায় বসিয়েছে : খন্দকার মোশাররফ

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ০১:১৯ এএম

ওয়ান-ইলেভেনের সরকার গণতন্ত্র হত্যা করেছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দুই বছর ক্ষমতায় থেকে ওরা হাতে ধরে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছে। তার ধারাবাহিকতায় আজ পর্যন্ত শেখ হাসিনা ও আওয়ামী লীগ ক্ষমতায়। তারা একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে, সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। 

সোমবার বিএনপির উদ্যোগে ‘এক-এগারো : বিরাজনীতিকরণের ধারাবাহিকতায় চলমান ফ্যাসিবাদ : গণতন্ত্রই মুক্তির পথ’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

২০০৭ সালে সেনাসমর্থিত সরকারের ক্ষমতা দখলের দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। সভায় মোশাররফ হোসেন বলেন, আজকে বাংলাদেশের মানুষ এই সরকারের প্রতি অতিষ্ঠ, বিক্ষুব্ধ। এই সরকারের হাত থেকে জনগণ মুক্তি চায়। এ দেশের জনগণ গণতন্ত্র ফিরে পেতে চায়, এ দেশের জনগণ ভোটের অধিকার ফিরে পেতে চায়। এ দেশের জনগণ নিরাপদভাবে বসবাস করতে চায়।

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা সবাই জানি যে তারই ধারাবাহিকতায় ২০০৮ সালে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে সেই শক্তির মদদপুষ্ট হয়েই আবার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা হয়। তারই ধারাবাহিকতায় ২০১৪ সালে সম্পূর্ণভাবে ভোটারবিহীন বিনা ভোটের নির্বাচনের মধ্য দিয়ে তাদের ক্ষমতায় নিয়ে আসা হয়। আমরা এটাও জানি যে ২০১৮ সালে একই কায়দায় আগের রাতেই জনগণের ভোটের অধিকার চুরি করে, হরণ করে নিয়ে গিয়ে আবার একটি সেই অনির্বাচিত সরকারকে ক্ষমতায় বসানো হয়।

মির্জা ফখরুলের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির পরিচালনায় সভায় বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ^র চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত