ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে পীরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোটরসাইকেল চালক জেলা জজ আদালতের জারিকারক সদর উপজেলার রুহুল আমিন (৪০) ও আরোহী সদ্য অবসরপ্রাপ্ত জারিকারক একই উপজেলার আবদুস সোবহান (৬০)।
পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার এস এম মুক্তারুল ইসলাম জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসটি পীরগঞ্জ স্টেশনে পৌঁছার আগেই মোটরসাইকেলে করে রেলক্রসিং পার হচ্ছিলেন ওই দুজন। এ সময় ট্রেনটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম জানান, এটি দুঃখজনক ও নির্মম একটি ঘটনা।
এদিকে গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পল্লী চিকিৎসকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার ও মাওনা চৌরাস্তা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন শ্রীপুর উপজেলার নয়াপাড়া গ্রামের বিল্লাল হোসেন (৫৫) ও শ্রীপুর পৌর এলাকার প্রয়াত আবদুস সামাদ মিয়ার স্ত্রী মোর্শেদা আক্তার (৭৫)।
মাওনা হাইওয়ে থানার ওসি এআরএম আল-মামুন জানান, জৈনাবাজার এলাকায় ইউটার্ন নেওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিল্লালের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপরদিকে মাওনা চৌরাস্তার মোহা সিএনজি পাম্প এলাকায় সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন মোর্শেদা। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
