সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

মধ্যপ্রাচ্যে মোবাইল পাসপোর্ট সেন্টার স্থাপনের সুপারিশ

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ০২:৫৬ এএম

মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য মোবাইল পাসপোর্ট সেন্টার স্থাপনের সুপারিশ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল সোমবার সংসদ ভবনে কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনাভাইরাস মহামারীর কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশে বাংলাদেশি কর্মীরা পাসপোর্ট নবায়ন করতে পারছেন না। তাদের সুবিধার জন্য কমিটি এ সুপারিশ করে বলে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান।

এদিকে বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভাড়া কমানোর ওপর গুরুত্বারোপ করেছে কমিটি; বিশেষ করে মধ্যপ্রাচ্যে যেসব কর্মীর চাকরি চলে গেছে, তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের কাছ থেকে বিশেষ ভর্তুকি নিয়ে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়। গত অক্টোবর মাসে সংসদীয় কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, আবুধাবিতে বাংলাদেশি কিছুসংখ্যক কর্মীকে করোনাভাইরাস মহামারীর জন্য ঢুকতে না দিয়ে ফেরত পাঠায়। ওই সময় বিমানকে তাদের আবার নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়। তবে বিমান কর্র্তৃপক্ষ সে সময় বিনা ভাড়ায় তাদের নেয়নি। ওই সময় এয়ার অ্যারাবিয়া তাদের যাত্রীদের বিনা ভাড়ায় আবার নিয়ে যায়।

এ বিষয়ে গতকালের বৈঠকেও আলোচনা হয়। বৈঠকে বিমান কর্র্তৃপক্ষও উপস্থিত ছিল। পরে কমিটি সরকারি ভর্তুকি নেওয়ার সুপারিশ করে। এ ছাড়া দেশের ভাবমূর্তি সমুন্নত রাখার জন্য ভিজিট ভিসায় গিয়ে নির্ধারিত সময়ে যাতে দেশে ফিরে আসে, সে বিষয়টি নিশ্চিত করার জন্য বিদেশযাত্রার আগে মুচলেকা নেওয়ার জন্য কমিটি সুপারিশ করে।

কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, মো. আলী আশরাফ, মৃণাল কান্তি দাস ও পংকজনাথ অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত