আইকনিক পাঙ্ক রক ব্যান্ড ‘সেক্স পিস্টলস’কে লিমিটেড সিরিজে তুলে ধরতে যাচ্ছেন অস্কার-জয়ী নির্মাতা ড্যানি বয়েল।
ফক্স নেটওয়ার্কসের জন্য এ সিরিজ তৈরি হচ্ছে। সোমবার প্রতিষ্ঠানটি চূড়ান্ত ঘোষণা দেয়। সঙ্গে জানায়, পরিচালনার পাশাপাশি ‘পিস্টল’ শিরোনামের সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন স্লামডগ মিলিয়নিয়ার ও স্টিভ জবস-খ্যাত নির্মাতা।
সেক্স পিস্টলসের কিংবদন্তি গিটারিস্ট স্টিভ জোনসের স্মৃতিকথা অবলম্বনে তৈরি হবে সিরিজ। তার চরিত্রটিই এখানে মুখ্য।
স্টিভ জোনসের চরিত্রে অভিনয় করবেন টবি ওয়ালেস। আরও থাকছেন এনসন বুন, লুইস প্যাট্রিজ, জ্যাকব স্ল্যাটারসহ অনেকে।
২০১৮ সালে প্রকাশ হয় জোনসের স্মৃতিকথা। যেখানে পশ্চিম লন্ডন থেকে কিংস রোডের সেক্স শপের কাহিনি আছে। আছে আন্তর্জাতিকভাবে বিতর্কিত ও সর্বকালের অন্যতম প্রভাবশালী অ্যালবাম ‘নেভার মাইন্ড দ্য বল্কস’-এর জন্মকথা। তাদের সিঙ্গেল ‘গড সেভ দ্য কুইন’ বিবিসি নিষিদ্ধ করলেও যুক্তরাজ্যের এনএমই চার্টে ছিল এক নম্বরে, কিন্তু অফিশিয়াল ইউকে সিঙ্গেলস চার্টে দেখায় দুই নম্বর হিসেবে! তাকে উদ্দেশ্যমূলক হিসেবে গণ্য করা হয়। এমনকি অনেক রেডিও গানটি বাজাতে অস্বীকৃতি জানায়। মূলত রাজপরিবারের সম্মান রক্ষা থাকতে ট্র্যাকটি এ ভাগ্য, যাকে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি সেন্সর হওয়া গান হিসেবে দেখা হয়।
এ বিতর্ক ছাড়াও নানান কারণে সেক্স পিস্টলসকে আইকনিক রক ব্যান্ড আকারে ধরা হয়। যা যুক্তরাজ্যে সমাজ ও সংস্কৃতিতে লক্ষণীয় প্রভাব রেখেছে। ড্যানি বয়েল তার বিবৃতিতে জানান, ব্যান্ড সদস্যদের জীবন ও নানান মুহূর্তের পাশাপাশি সেই বিষয়গুলোও তুলে ধরতে চান লিমিটেড এ সিরিজে।
