এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে শুরু হয়েছে জাতীয় হকি দলের ক্যাম্প। মাঠের প্রস্তুতি শুরুর আগে ৩১ খেলোয়াড়সহ ৪১ জনের করোনা পরীক্ষা হয়। তাদের মধ্যে একজন খেলোয়াড়ের ফল পজিটিভ এসেছে।
আক্রান্ত খেলোয়াড়ের নাম দেবাশীষ কুমার রায়। নবীন এই তারকা জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন এই প্রথম।
টুর্নামেন্টের প্রস্তুতি নিতে ৩২ জন খেলোয়াড়কে ক্যাম্পে ডাকে হকি ফেডারেশন। গোলকিপার আবু সাইদ নিপ্পন বাদে বাকি সবাই প্রথম দিন রিপোর্ট করেন এবং পরে করোনা পরীক্ষার নমুনা দেন।
করোনা আক্রান্ত দেবাশীষকে হকি ফেডারেশনের তত্ত্বাবধানে কুর্মিটোলায় বিমানবাহিনীর আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে। সুস্থ হলে তিনি ক্যাম্পে যোগ দেবেন। বাকিদের নিয়ে মঙ্গলবার থেকেই শুরু হয়েছে দলের প্রস্তুতি।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আগামী ১১ মার্চ শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ আসর। ছয় দলের এই আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়া অন্য পাঁচ দল- মালয়েশিয়া, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও পাকিস্তান।
