মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে গান ছাড়ার ঘোষণা দিয়ে নতুন করে আলোচনায় এলেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। তবে তার এই ঘোষণা নিয়েও শুরু হয়েছে ধূম্রজাল। কারণ ১১ জানুয়ারি, সোমবার দিবাগত মধ্যরাতে গান ছাড়ার ঘোষণা দিয়ে স্ট্যাটাস দিলেও পরদিন সকালে সেই স্ট্যাটাস ডিলিট করে ফেলেন তিনি। নোবেলের সেই পোস্টে কি ছিল, যার কারণে মুছে ফেলতে হলো? এমন প্রশ্ন অনেকের মনে জাগতেই পারে!
অবশ্য এর আগে নানা ধরনের পোস্ট দিয়ে বিতর্ক তৈরি করেছিলেন সম্ভাবনাময় এ গায়ক। এরপর তার ভক্তরাই সমালোচনা করতে থাকেন। সেই সমালোচনার প্রতিক্রিয়া প্রকাশ করলেন তার পোস্টে।
সেখানে নোবেল লেখেন, ‘দীর্ঘ ১১ মাস দুই বাংলার মানুষকে বিনোদন দেওয়ার প্রতিদান তোমরা ভালোই দিলে আমাকে। মাত্র ২৩ বছর বয়সে বিয়ে করে সংসার এবং চার দেয়ালের চাপে কিছু ভুল স্ট্যাটাস দিয়েছি। এই তো আমার দোষ। ভাবছি গান বাজনা ছেড়েই দেবো। ’
