ভরিতে ২ হাজার টাকা কমল সোনার দাম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ০১:২৩ এএম

প্রতি ভরিতে প্রায় ২ হাজার টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের সোনার ভরির দাম কমে ৭২ হাজার ৬৬৭ টাকায় দাঁড়াচ্ছে।

গতকাল মঙ্গলবার বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ থেকে সোনার নতুন দর কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় শঙ্কিত বৈশি^ক অর্থনীতি, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক ও দেশে সোনার বাজারে দরের উত্থান-পতন সত্ত্বেও ব্যবসার অচল অবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা ভেবে ১০ দিনের ব্যবধানে বাজুস দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে দেশে সোনার দাম ভরিপ্রতি প্রায় ২ হাজার টাকা কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত থাকবে। নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ১ হাজার ৯৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ৬৬৭ টাকা। ২১ ক্যারেটের দাম ৬৯ হাজার ৫১৭, ১৮ ক্যারেটের ৬০ হাজার ৭৬৯ ও সনাতন পদ্ধতির দাম ৫০ হাজার ৪৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য আগের মতোই থাকছে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের দাম ১ হাজার ৪৩৫, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ এবং সনাতন পদ্ধতির দাম ৯৩৩ টাকা।

গতকাল পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয় ৭৪ হাজার ৬৫০ টাকায়। ২১ ক্যারেটের ৭১ হাজার ৫০০, ১৮ ক্যারেটের ৬২ হাজার ৭৫২ ও সনাতন পদ্ধতির ৫২ হাজার ৪৩০ টাকায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত