পাবনা পৌর নির্বাচন

নৌকার প্রার্থী ‘স্বাধীনতাবিরোধী পরিবারের’: প্রত্যাখ্যান করে নাগরিক মঞ্চ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ০৬:২৪ পিএম

পাবনা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আলী মূর্তজা বিশ্বাস সনিকে ‘স্বাধীনতাবিরোধী পরিবারের সন্তান’ দাবি করে নাগরিক মঞ্চের আত্মপ্রকাশ হয়েছে। বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে জেলার চলমান বিভিন্ন সমস্যা তুলে ধরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলার মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তি, রাজনীতিবিদ, ব্যাবসায়ী ও সুধিসমাজের একটি অংশ নাগরিক মঞ্চ গঠনের কথা জানান।

সংবাদ সম্মেলনের শুরুতেই পাবনা নাগরিক মঞ্চের সদস্য সচিব ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জাকির হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে জাকির হোসেন বলেন, ‘পাবনার শহরের বিভিন্ন প্রতিষ্ঠান দখল, পৌরকর ফাঁকি দেওয়াসহ নানা অনিয়মের নেতৃত্ব দিচ্ছেন দেশের একটি খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠানের মালিক। সম্প্রতি তিনি রাজনীতিতেও হস্তক্ষেপ করে স্বাধীনতাবিরোধী, ভূমিদস্যূ পরিবারের এক সদস্যকে পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দিয়েছেন। পাবনার সচেতন মানুষ হিসেবে আমরা এ বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়ে প্রত্যাখান করছি’।  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাকির হোসেন আরো বলেন, ‘নাগরিক মঞ্চের জন্ম পাবনার পৌর নির্বাচনে বিশেষ কোনো প্রার্থীকে সমর্থন দিতে নয়, বরং ব্যবসায়ী সিন্ডিকেটের কবর থেকে পাবনাবাসীকে মুক্ত করাই এই মঞ্চের লক্ষ্য’।

সভায় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইদ্রিস আলী বিশ্বাসকে আহ্বায়ক ও জাকির হোসেনকে সদস্য সচিব করে ৬১ সদস্যের কমিটিও ঘোষণা করেন তারা।

এ সময় অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম, সাবেক এমপি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সন্টু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ বাবু, চন্দন কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক প্রলয় কুমার চাকী, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ বাবু, শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, প্রচার সম্পাদক কামিল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. তসলিম হাসান সুমন, জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ ব্যুড়ো, জেলা জাতীয় পার্টির সহসভাপতি নাছির চৌধুরী, জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রফিকুল ইসলাম রুমন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিব হাসান টিপুসহ জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান সুইট, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আবুল কাশেমসহ একুশে বইমেলা উদযাপন পরিষদ, সুচিত্রা সেন চলচিত্র সংসদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 

পাবনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয় জেলা যুবলীগের আহ্বায়ক আলী মূর্তজা বিশ্বাস সনিকে। তার পরিবারের সদস্যদের বিুরদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিরোধিতার অভিযোগ রয়েছে।  

এর প্রতিবাদে জেলা নাগরিক সমাজের অপর একটি সংগঠন বৃহস্পতিবার সন্ধ্যায় নাগরিক সংলাপ করবে বলে নিশ্চিত করেছেন পাবনা নাগরিক পরিষদের আহ্বায়ক আব্দুল মতীন খান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত