এক ঝলকে

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১১:৫৮ পিএম

ওটিটিতে প্রসেনজিতের অভিষেক

কয়েক দশক ধরে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে আসছেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও দেখা গেছে তাকে। তবে এবার ওটিটি প্লাটফর্মেও অভিষেক হচ্ছে তার। কিন্তু চমক এখানেই শেষ নয়! কেননা বাংলা নয়, হিন্দি ওয়েব সিরিজে বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারির বিপরীতে স্ক্রিন  শেয়ার করতে দেখা যাবে বুম্বাকে। শুধু তাই নয়, ‘সেক্রেড গেমস’ খ্যাত পরিচালক বিক্রম মোতওয়ানের পরিচালনায় নির্মিত হবে ওয়েব সিরিজটি। যার নাম হবে ‘স্টারডাস্ট’। এই ওয়েব সিরিজে মূলত চল্লিশের দশকের সিনে ইন্ডাস্ট্রির গোপন গল্প উঠে আসবে। যেখানে দেখানো হবে ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরের কাহিনী, রাজনীতি, হিংসা-বিদ্বেষ, প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নানান কাহিনী। শোনা যাচ্ছে, আসন্ন ওয়েব সিরিজটির প্রথম সিজনে আট থেকে নয়টি এপিসোড থাকবে। যেখানে আরও দেখা যাবে বলিউড অভিনেতা অপারশক্তি খুরানাকে। তবে কোন ওটিটি প্লাটফর্মে সিরিজটি মুক্তি পাবে তা এখনো জানা যায়নি।

রাজা-রুবাইয়েত দম্পতির ‘অনুভবে’

পশ্চিম লন্ডনে জন্ম এবং বেড়ে ওঠা রাজা কাশেফের। হিন্দি ও উর্দু গানের পাশাপাশি বেশ কয়েক বছর ধরে কাজ করছেন বাংলা সংগীত নিয়ে। ২০১৯ সালের শেষের দিকে রাজা কাশেফ রুনা লায়লা ফিচারিং ‘লিজেন্ডস ফর এভার’ অ্যালবামের সংগীতায়োজন করেন। উপমহাদেশের কিংবদন্তি আশা ভোঁসলেসহ সেই অ্যালবামে আরও গেয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী হরিহরণ, আদনান সামি, রাহাত ফাতেহ আলি খান ও রুনা লায়লা নিজে। সেই অ্যালবামের মোড়ক উন্মোচিত হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব লর্ডস-এ। রাজা কাশেফ প্লেব্যাক করেছেন একাধিক হিন্দি ছবিতে। গেয়েছেন উর্দু গানও। এবার এই ভিনদেশি তরুণ সংগীত পরিচালক নিজে গাইলেন বাংলা গান।

শিরোনাম ‘অনুভবে’। গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তার স্ত্রী লন্ডন প্রবাসী শিল্পী রুবাইয়েত জাহান। কবির বকুলের কথায় রাজা কাশেফের সুর ও সংগীতায়োজনে গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। আজ প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে এটি। রাজা কাশেফ বললেন, ‘সংগীতই আমার বেঁচে থাকার স্পন্দন। বাংলা গানের প্রতি আমার অন্যরকম এক দুর্বলতা ও প্রেম কাজ করে সবসময়। এ জন্যই অবশেষে গাইলাম। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’

করোনাকালে দুনিয়া ঘুরছেন ম্যাডোনা

বিশ্বে চলছে করোনাভাইরাসের তাণ্ডব। এই মহামারীর মাঝেই প্রেমিক আহলামালিক উইলিয়ামসকে নিয়ে তিন সপ্তাহে পাঁচটি দেশে ভ্রমণ করেছেন পপ তারকা ম্যাডোনা। ম্যাডোনা ডিসেম্বরে লস অ্যাঞ্জেলেস থেকে লন্ডনে গিয়েছেন। এরপর ডিসেম্বরের শেষের দিকে মালাউই গিয়েছেন। পথে বিরতি নিয়েছেন মিসরে। এক সপ্তাহ মালাউই থাকার পর তারা দেখা করেছেন প্রেসিডেন্ট লাজারুস চাকওয়েরার সঙ্গে। স্থানীয়দের সঙ্গে দেখা করেছেন, গিয়েছেন একটি হাসপাতালেও। সেখান থেকে গিয়েছেন কেনিয়া। এরপর ফিরে এসেছেন লস অ্যাঞ্জেলেসে। ম্যাডোনার এই সফরে তার পাঁচ সন্তানও ছিল। আরও ছিলেন ম্যাডোনার ব্যক্তিগত ফটোগ্রাফার রিচার্ডো গোমেজ। ব্যক্তিগত বিমানে ভ্রমণ করেছেন ম্যাডোনা। প্রতিটি দেশে যাওয়ার আগে কভিড পরীক্ষা করিয়ে নিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত