রপ্তানি প্রতিষ্ঠানের নামে আমদানি জালিয়াতি

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ০১:৪২ এএম

মিথ্যা ঘোষণায় আনা পণ্যসহ চট্টগ্রাম বন্দরে দুটি আমদানি পণ্যের কন্টেইনার আটক করেছে কাস্টমস। গতকাল বুধবার কায়িক পরীক্ষায় বিষয়টি ধরা পড়ে। তবে যে প্রতিষ্ঠানের নামে পণ্যের চালানটি এসেছে, তারা এ ধরনের কোনো পণ্য আমদানি করেনি জানিয়ে কাস্টমসকে বলেছে, তাদের নাম জালিয়াত করে কেউ এ কাজ করে থাকতে পারে।

পাবনার ঈশ্বরদী ইপিজেডের রপ্তানিমুখী প্রতিষ্ঠান নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানির নামে চীন থেকে ব্লিচড ফেব্রিকস ঘোষণায় দুটি কন্টেইনার আসে চট্টগ্রাম বন্দরে। চালানের একটি কন্টেইনার দেড় মাস আগে ও আরেকটি কন্টেইনার ২০ মাস আগে বন্দরে পৌঁছে। ওই চালানে ঘোষণাবহির্ভূত পণ্য থাকার গোপন সংবাদের ভিত্তিতে কায়িক পরীক্ষার উদ্যোগ নেয় কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা।

এআইআর শাখার সহকারী কমিশনার রেজাউল করিম দেশ রূপান্তরকে জানান, ওই চালানের পণ্য পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমদানিকারকের প্রতিনিধিকে মৌখিকভাবে অনুরোধ করে এআইআর টিম। এর পরিপ্রেক্ষিতে তারা জানায়, কনটেইনার দুটি তাদের প্রতিষ্ঠান আমদানি করেনি। কেউ তাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এ পণ্য আমদানি করেছে।

তিনি জানান, পরে কাস্টমস কমিশনারের নির্দেশে কন্টেইনার দুটির কায়িক পরীক্ষায় দেখা যায়, সেখানে ব্লিচড ফেব্রিক্সের জায়গায় ৪০ টন পর্দা ও সোফার কাপড় পাওয়া গেছে। মিথ্যা ঘোষণার এ চালানে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত