বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কৃষিকাজে দেশের শিক্ষিত যুবসমাজকে কাজে লাগানো হলে পণ্যের মান উন্নত হবে এবং কৃষিপণ্যর ন্যায্যমূল্য নিশ্চিত হবে। ভোক্তা নিরাপদ খাদ্যপণ্য পাবেন। তিনি বলেন, যুবসমাজকে কৃষিভিত্তিক শিল্পে কাজে লাগানোর সিদ্ধান্ত সময়োপযোগী। শিক্ষিত যুবসমাজ কৃষির দায়িত্ব নিলে দেশ লাভবান হবে। আমাদের দেশে মৌসুমের সময় অনেক কৃষিপণ্য নষ্ট হয়ে যায়, কৃষকরা নামমাত্র মূল্যে এগুলো বিক্রিতে বাধ্য হন। দেশে উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে সারা বছর ব্যবহার করা যায়। আমাদের দেশে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা খুবই প্রয়োজন। এতে শিক্ষিত যুবসমাজ কাজের সুযোগ পাবে, কৃষিপণ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে। দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে।
বাণিজ্যমন্ত্রী গতকাল বুধবার ঢাকায় স্থানীয় একটি হোটেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কেন্দ্র স্থাপনের মাধ্যমে যুব উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
অনুষ্ঠানে এ কর্মসূচির আওতায় কৃষিপণ্য উৎপাদকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ভোক্তাদের জন্য ন্যায্যমূল্যে মানসম্মত খাদ্যপণ্যের ব্যবস্থা করার লক্ষ্যে যুবশপ ও এক্সপ্রেস কিচেন এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের যাত্রা শুরু এবং যুব ব্র্যান্ডের লোগো উন্মোচন করা হয়।
