সিডনি টেস্টে রিশভ পান্তের ‘ব্যাটিং-গার্ড’ মুছে ফেলে প্রবল বিতর্কে জড়ান স্টিভ স্মিথ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা তো বটেই বীরেন্দ্রর শেবাগ, মাইকেল ভনের মতো সাবেক ক্রিকেটাররা তার আচরণের সমালোচনা করেন।
‘গার্ড মার্ক’ মুছে দেওয়ার অভিযোগ সম্পর্কে স্মিথ ব্যাখ্যা দিয়েছেন, ‘এই ব্যাপারটা আমি প্রতিটা ম্যাচেই করি। ক্রিজে শ্যাডো ব্যাটিং করার মাধ্যমে কল্পনা করার চেষ্টা করি, আমাদের বোলাররা কোথায় বল করছে। কীভাবে আমাদের বোলারদের খেলছে ব্যাটসম্যান। তার পরে অভ্যাসবশত আমি ক্রিজে ওরকমভাবে মার্ক করি।’ তিনি আরও বলেন, ‘এটা সত্যি লজ্জার ব্যাপার যে ভারতের দারুণ ব্যাটিং পারফরম্যান্স চাপা পড়ে যাচ্ছে এই বিতর্কের ডামাডোলে এবং আরও কয়েকটা ঘটনার জন্য।’
সিডনি টেস্টের পরেই স্মিথের পাশে দাঁড়িয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেন। তিনি বলেন, ‘আপনারা যদি টেস্টে স্মিথকে ভালো করে লক্ষ করেন, তা হলে দেখবেন, প্রতি ম্যাচে এই কাজটা ও পাঁচ-ছয়বার করে থাকে। উইকেটে দাঁড়িয়ে ও শ্যাডো করে চলে। আমরা সবাই জানি, স্মিথের কিছু অদ্ভুত স্বভাব আছে। যার মধ্যে একটা হলো, ওই ব্যাটিং ক্রিজের মাঝে জুতো দিয়ে দাগ কাটা। রিশভের গার্ড মার্ক মোটেই বদলাচ্ছিল না স্মিথ। তাই যদি হতো, তা হলে ভারতীয়রা নিঃসন্দেহে ব্যাপারটা নিয়ে প্রতিবাদ করত।’ স্মিথের পক্ষে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারও। ‘স্মিথকে যারা চেনেন তারা জানেন ও চঞ্চল। ওই ঘটনাটা নিয়ে আমরা সবাই হাসছিলাম ড্রেসিংরুমে। ক্রিজে স্মিথ প্রায়ই এমন করে।’ অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিনকে সেøজিং করে সমালোচনার মুখে পড়া অধিনায়ক টিম পেনের পাশেও দাঁড়িয়েছেন ল্যাঙ্গার, ‘পেনের ওপর আমি কতটা বিশ্বাস করি, তা কল্পনাও করতে পারবেন না। জানি দিনটা ওর ছিল না। কিন্তু গত তিন বছরে ও প্রায় নির্ভুল থেকেছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে ও অসাধারণ।’
