হত্যা মামলা

২০ বছর আগে যাবজ্জীবন, সর্বোচ্চ আদালতে খালাস

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ০২:২৫ এএম

দুই যুগ আগে যশোরের শার্শায় রওশন আলী (১৫) নামে এক কিশোরকে হত্যার ঘটনায় করা মামলায় যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত শফিকুল ইসলামকে খালাস দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। ২০০০ সালের ফেব্রুয়ারিতে বিচারিক আদালতে রায়ের পর হাইকোর্টেও এ রায় বহাল থাকে। শফিকুল ইসলামের আপিল মঞ্জুর করে গতকাল বুধবার এ রায় দেয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ। ঘটনা এবং মামলার সময় তার বয়স ছিল ১৬ বছর। খালাসপ্রাপ্ত শফিকুল কারাগারে থেকে থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে নির্দেশ দেওয়া হয় রায়ে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) বিশ^জিৎ দেবনাথ। রায়ে আপিল বিভাগ শফিকুলের দ-ের বিষয়ে বলে, এটি ‘বিগ মিসটেক’। খালাসপ্রাপ্ত শফিকুল কারাগারে নাকি জামিনে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, ১৯৯৬ সালের ২১ ডিসেম্বর যশোরের শার্শায় ১৫ বছর বয়সী রওশন আলীকে হত্যার ঘটনায় ২০০০ সালের ১৪ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট বিচারিক আদালত এক রায়ে শফিকুল (১৬), খালেক ও নাসির এ তিন আসামিকে যাবজ্জীবন কারাদন্ডের রায় দেয়। পরে ২০০৭ সালের ৭ মে হাইকোর্টে এ রায় বহাল থাকে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ আপিল বিভাগে আপিল করে। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত শফিকুলের করা আপিল মঞ্জুর করে গতকাল এ রায় আসে। রায়ে বলা হয়, খালাসপ্রাপ্ত এ আসামি যদি কারাগারে থাকেন তবে তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেওয়া হলো।

ডিএজি বিশ^জিৎ দেবনাথ দেশ রূপান্তরকে বলেন, ‘১৫ বছরের ছেলে খুন হওয়ার পর তিনজনের বিচারিক আদালতে যাবজ্জীবন হয়। সেটি হাইকোর্টেও বহাল থাকে। আজ (গতকাল) আপিল বিভাগ শফিকুলকে খালাস দিয়েছে। তবে খালাসপাপ্ত শফিকুল কারাগারে আছেন নাকি বাইরে সে বিষয়ে আমাদের কাছে পর্যাপ্ত নথি নেই। আদালত একটি অ্যাডভান্স অর্ডার সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দিয়েছেন। সেখানে বলা হয়েছে, যদি শফিকুল জেলে থাকে তাহলে তাকে যেন অবিলম্বে মুক্তি দেওয়া হয়।’ তিনি বলেন, ‘ইতিমধ্যে যদি শফিকুল যাবজ্জীবন সাজা খেটে বেরিয়ে গিয়ে থাকেন তাহলে তার দন্ড আর থাকল না। আর তিনি কোন কারগারে রয়েছেন কিংবা ছিলেন তা তার আইনজীবী থাকলে নিশ্চিত হওয়া যেত। কিন্তু তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় এটি জানানো যায়নি। কোন গ্রাউন্ডে তিনি খালাস পেলেন তা পূর্ণাঙ্গ রায় পেলে জানা যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত