করোনা ভ্যাকসিনের প্রথম চালান ২৫ জানুয়ারি দেশে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেছেন, আরও সোর্সিং করা হচ্ছে। প্রায়োরিটি বেসিসে বিতরণ করা হবে ভ্যাকসিন। আমি স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দিয়েছি বণ্টনে যেন কোনো অনিয়ম না হয়। গতকাল বুধবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন বৈঠকে উপস্থিত একাধিক সদস্য।
অক্সফোর্ডের তিন কোটি ডোজ টিকা আনতে গত নভেম্বরে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশ সরকার ও বেক্সিমকো ফার্মার মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে টিকা দেবে সেরাম ইনস্টিটিউট। দেশের ২৪ শ্রেণির দেড় কোটি মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে মাঠপর্যায়ে করোনাভাইরাসের টিকা দিতে শুরু করবে সরকার। সে জন্য ২৬ জানুয়ারি থেকেই অনলাইনে নিবন্ধন শুরু হবে। বেক্সিমকো ফার্মা সরকারকে জানিয়েছে, ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে এ টিকা বাংলাদেশে আসবে। টিকা আসার পর দুদিন বেক্সিমকোর কোল্ড চেইনে থাকবে। সেখান থেকে স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় টিকা পাঠানো হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তালিকা অনুযায়ী, বিশ্বব্যাপী এখন করোনার ১৮০টি টিকা তৈরির উদ্যোগ চালু আছে। এর মধ্যে ৩৫টি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালে আছে। আর এর মধ্যে নয়টি টিকার তৃতীয় ধাপের ট্রায়াল চলছে। এর মধ্যে এগিয়ে রয়েছে চারটি ভ্যাকসিন। এগুলো হলো চীনের সিনোভ্যাক কোম্পানি, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, যুক্তরাষ্ট্রের মডার্না ও ফাইজার কোম্পানি।
