‘প্রেম টেম’ সিনেমার গান রিলিজ (ভিডিও)

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ০৩:৫৪ পিএম

প্রেম, সম্পর্ক ও স্মৃতির নানা টানাপোড়েন নিয়ে একটি গান রিলিজ করল প্রেম টেম সিনেমার পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়। তিনি নিজেই গানটি গেয়েছেন।

সংবাদ প্রতিদিন জানায়, বৃহস্পতিবার প্রেম টেম সিনেমার এ গান প্রকাশ্যে এলো। গানটির কথা ও সুর করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। মিউজিক প্রোডাকশন ও ডিজাইনের দায়িত্ব সামলেছেন শুভদীপ মিত্র। 

সংবাদ প্রতিদিনের পূজা সংখ্যার জন্য ‘বকলস’ উপন্যাস লিখেছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। সেই কাহিনি নিয়েই তৈরি এই কলেজ প্রেমের ছবি। পাবলো, আরশি ও রাজির কাহিনি।

মিষ্টি আরশি বড় লাজুক, আবার রাজি যেন বাঁধনহারা।  আদতে কাকে ভালোবাসে পাবলো? এই প্রশ্নের উত্তর মিলবে ১৪ ফেব্রুয়ারি। ভালোবাসার দিনেই সিনেমা হলে মুক্তি পাচ্ছে এসভিএফ  প্রযোজিত প্রেম টেম।

সৌম্য, সুস্মিতা ও শ্বেতা, তিন নবাগত অভিনেতা-অভিনেত্রী রয়েছেন মূল চরিত্রে। ছবির বেশির ভাগ শুটিং হয়েছে চন্দননগর এবং শ্রীরামপুরে।

২০১৫ সালের ১৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল পরিচালক অনিন্দ্যের প্রথম ছবি ‘ওপেন টি বায়োস্কোপ’। এরপর ‘প্রজাপতি বিস্কুট’, ‘মনোজদের অদ্ভুত বাড়ি’র মতো সিনেমা তৈরি করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত