উৎপাদনশীলতা দ্বিগুণ করতে আরও উন্নতজাতের ধান উদ্ভাবনের জন্য গবেষকদের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। গতকাল বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় এ কথা বলেন তিনি। কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পেছনে ব্রির উদ্ভাবিত জাতের ধান ও বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু ভবিষ্যতের খাদ্য নিরাপত্তায় মূল চ্যালেঞ্জ হলো আমাদের জনসংখ্যা বৃদ্ধি। অথচ নানা কারণে চাষের জমি কমছে। সে জন্য ২০৩০ সালের মধ্যে উৎপাদনশীলতা দ্বিগুণ করতে হলে আরও উন্নত জাত ও প্রযুক্তির উদ্ভাবন করতে হবে। ব্রি উদ্ভাবিত শতাধিক জাতের ধানের প্রসঙ্গে কৃষিমন্ত্রী আরও বলেন, সেরা জাতগুলো নিয়ে সব সংস্থার সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। যাতে কৃষকের কাছে এগুলো জনপ্রিয় হয়। বহু পুষ্টি উপাদানসমৃদ্ধ জাতের ধান উদ্ভাবন করতে হবে। এ ছাড়া চিকন চাল এবং কৃষক ও ভোক্তার চাহিদা বিবেচনা করে জাত উদ্ভাবনে এগিয়ে আসতে হবে।
×
