রাজধানীর কলাবাগান নর্থ সার্কুলার রোডের একটি বাসা থেকে জান্নাত (১৭) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে নর্থ সার্কুলার রোডের ৫৮ নম্বর বাসা থেকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নোয়াখালীর হাতিয়া উপজেলার ফরিদপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে জান্নাত পাঁচ বছর ধরে নর্থ সার্কুলার রোডের ম৭/বি নম্বর ফ্ল্যাটের মহিউদ্দিন চৌধুরী ও বদরুন্নেসা খানের বাসায় কাজ করত।
কলাবাগান থানার এসআই মোহাম্মদ বিপ্লব হোসেন বলেন, গত বুধবার রাতে বাসাটির বাথরুমের দরজা ভেঙে ভেতরে কাপড় রাখার এঙ্গেলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানতে পারি, বুধবার বিকেলে বাসার ছাদে একটি রুমে জান্নাতকে ওই বাসার দারোয়ান জুনায়েদের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পায় আরেক দারোয়ান খোরশেদ। ঘটনাটি খোরশেদ বাড়ির মালিককে জানায়। বাড়ির মালিক দারোয়ান জুনায়েদকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এসব বিষয় গৃহকর্মী জান্নাত পরে জানতে পারে। তাই মানসম্মান ও চক্ষুলজ্জার ভয়ে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
