বিদেশ ঘুরে আসা ‘জলঘড়ি’ ছাড়পত্র না পেয়ে দেশে স্থগিত

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ০২:২৪ পিএম

বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে ঘুরে এসেছে আসাদ জামানের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জলঘড়ি’। দেশে প্রিমিয়ার হওয়ার কথা ছিল ‘১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ। কিন্তু সেন্সর ছাড়পত্র না পাওয়ায় ছবিটি প্রদর্শিত হচ্ছে না।

উৎসব কর্তৃপক্ষের ঘোষিত শিডিউল অনুযায়ী ১৮ জানুয়ারি সন্ধ্যা ৭টায় প্রিমিয়ার হওয়ার কথা ছিল ‘জলঘড়ি’র।

নির্মাতা আসাদ জামান এ বিষয়ে বলেন, “বিশ্বের পাঁচটি স্বনামধন্য চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশন ও ঝাড়খণ্ড চলচ্চিত্র উৎসবে সেরা অ্যাকশন থ্রিলার হিসেবে পুরস্কৃত হয়েছে আমাদের ছবিটি। কিন্তু আমার নিজের দেশের চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের দিনক্ষণ প্রকাশ ও প্রচারের পরও শেষ মুহূর্তে  এসে সেন্সর বোর্ড সেন্সর না দেওয়ায় ঢাকা চলচ্চিত্র উৎসব আমাদের চলচ্চিত্রটির প্রিমিয়ার শো বাতিল করেছে।”

আরও বলেন, “একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতার জন্য এর চেয়ে দুঃখজনক ও কষ্টের কিছু নেই। কী কারণে সেন্সর স্থগিত করা হয়েছে তা এখনো অফিসিয়ালি জানতে পারিনি।”

বাংলাদেশের সেন্সর আইন অনুযায়ী প্রেক্ষাগৃহের পাশাপাশি দেশের কোন চলচ্চিত্র উৎসবে ছবি প্রদর্শন করতে হলে সেন্সর ছাড়পত্র লাগে। সে অনুযায়ী অন্যান্য ছবির সঙ্গে উৎসব কর্তৃপক্ষ আসাদের ‘জলঘড়ি’ জমা দিয়েছিল। কিন্তু তারা ছবিটিকে ছাড়পত্র দেয়নি।

বিষয়টিতে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেন উৎসবের পরিচালক ও রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুস্তবা জামাল।

‘জলঘড়ি’ ছাড়াও ড. জাহাঙ্গীর হোসেনের ‘ও সোহাগী’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড।

তবে ছাড়পত্র না পেলেও ‘জলঘড়ি’ ২৫ জানুয়ারি ইউটিউবে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন আসাদ জামান। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনি-চিত্রনাট্যও তার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, হাসনাত রিপন, সাজাহান সৌরভ, ইভান সাইর, জয়িতা মহলানবিশ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত