সিডনি টেস্টের অপ্রীতিকর মুহূর্ত ফিরল ব্রিসবেনে। আগের টেস্টে বর্ণবাদী মন্তব্য করার পর অজি দর্শকেরা ভারতের পেসার মোহাম্মদ সিরাজকে শুক্রবার গালি দিয়েছেন।
ফক্স স্পোর্টস জানিয়েছে, একটি ফুটেজে দর্শকদের গালি দেয়ার প্রমাণ পাওয়া গেছে।
অথচ টেস্টের আগে নানাভাবে সতর্ক করা হয় সবাইকে। বলা হয়, সিডনি টেস্টে যা হয়েছে, সেটা ব্রিসবেনে কোনোভাবে বরদাশত করা হবে না।
এই টেস্টে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
সিডনি টেস্ট চলাকালীন পরপর দু’দিন বর্ণবিদ্বেষীমূলক মন্তব্যের মুখে পড়তে হয়েছিল সিরাজকে। যে কারণে ব্রিসব্রেন কর্তৃপক্ষ আগেভাগে সতর্ক ছিল।
শুধু ব্রিসবেন কর্তৃপক্ষের পক্ষ থেকেই নয়। অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইনও খোলাখুলি বলে দেন, ‘মাঠে আসুন ক্রিকেটকে উপভোগ করতে। যাকে ইচ্ছে সমর্থন করুন। অস্ট্রেলিয়াকে করুন। ভারতকে করুন। ইচ্ছে হলে আম্পায়ারকেও করুন। কিন্তু বর্ণবিদ্বেষী ভাবনা একেবারে স্টেডিয়াম গেটের বাইরে রেখে মাঠে ঢুকুন।’
চোট-আঘাতের সমস্যায় ব্রিসবেনে খেলা শুরুর পরও ভোগাচ্ছে ভারতকে। শেষপর্যন্ত চেষ্টা করা হলেও এদিন অশ্বিন বা বুমরাহ কাউকেই খেলানো যায়নি। যার জেরে গাব্বায় অভিষেক হয়েছে দু’জনের। একজন ওয়াশিংটন সুন্দর। অপরজন আইপিএল এবং টি-২০ সিরিজে নজর কাড়া টি নটরাজন।
