করোনার প্রাদুর্ভাবের কারণে ২০২০ ভালো কাটেনি বিনোদন অঙ্গনের কারোরই। সিনেমা অঙ্গনের মানুষরাও পার করেছেন হতাশাজনক সময়। গত বছরের সব ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য এ বছরের শুরু থেকেই যেন উঠেপড়ে লেগেছে চলচ্চিত্র অঙ্গন। ফলে বছরের শুরুতেই শোনা যাচ্ছে অ্যাকশন-কাটের শব্দ। ২০২১ সালের প্রথম সপ্তাহেই শুরু হয়েছে বেশ কিছু সিনেমার কাজ। ঘোষণাও করা হয়েছে অনেক চলচ্চিত্রের। ১৫ জানুয়ারি থেকে সাভারের একটি স্পটে শুরু হয়েছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মানুষ কেন অমানুষ’ চলচ্চিত্রের কাজ। ডিপজলের প্রযোজনা প্রতিষ্ঠান অমি বনি কথা চিত্রের ব্যানারে এতে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল, জয়ন চৌধুরী, মৌ খান, বদ্দা মিঠু, রাশেদ চৌধুরী, জ্যাকি আলমগীর, বকুল সওদাগর, কিরেণ কুমার, সেলিমসহ অনেকে।
আকবর বলেন, ‘গত বছরটা বেশ খারাপ কেটেছে সবার। চেষ্টা করছি, এ বছরটা যেন গত বছরের ক্ষতি পুষিয়ে তুলতে পারি।’
১১ জানুয়ারি থেকে পরিচালক ইফতেখার চৌধুরী শুরু করেছেন তার নতুন ছবি ‘মুক্তি’র শ্যুটিং। মানিকগঞ্জে ছবিটির শ্যুটিং শুরু হয়ে ক্রমান্বয়ে গাজীপুর, নোয়াখালীসহ নানা জায়গায় শ্যুটিং চলবে। এতে নবাগত রাজ রীপার বিপরীতে অভিষেক ঘটছে নয় নায়কের। তারা হলেন আনিসুর রহমান মিলন, কায়েস আরজু, আমান রেজা, রাশেদ মামুন অপু, তন্ময়, জিলানি, আজাদ আদর, দুর্জয় মামুন ও খিজির হায়াত খান।
ইফতেখার চৌধুরী বলেন, ‘ছবিটির শ্যুটিং গত বছর শুরু করার কথা থাকলেও নানা কারণে পারিনি। তাই এ বছরের শুরুতেই কাজটা শুরু করেছি। আশা করছি এ বছরেই ছবিটি মুক্তি দেওয়ার।’
ওদিকে ৯ জানুয়ারি রবিবার বিএফডিসিতে ৯ নম্বর ফ্লোরে বিশাল সেট ফেলে পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল শ্যুটিং করলেন ‘গাঙচিল’ ছবির আইটেম গানের। আইটেম গানটিতে অংশ নিয়েছেন পূর্ণিমা, তারিক আনাম খান, রাশেদ মামুন অপুসহ অনেকে। ৭ জানুয়ারি থেকে গাজীপুরের হোতাপাড়ায় শুরু হয়েছে ‘বাংলার ভাবী’ ছবির শ্যুটিং। প্রথম ধাপের শ্যুটিং শেষ হয় ১২ জানুয়ারি। ছবিটিতে অভিনয় করছেন মৌসুমী, ওমর সানী, মাসুম আজিজ, নবাগত রোমান প্রমুখ। ছবির পরিচালক নূর মোহাম্মদ জানান, চলতি মাসের শেষ দিকে দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে। পরিচালক অপূর্ব রানা কাজ করছেন ‘গিভ অ্যান্ড টেক’ নামের একটি চলচ্চিত্রে। এতে নায়িকা হিসেবে আছেন অধরা খান।
অপরদিকে শিগগিরিই বেশ কিছু চলচ্চিত্রের শ্যুটিং শুরু হবে। ২০ জানুয়ারি থেকে নতুন ছবির শ্যুটিং শুরু করবেন পরিচালক শামীম আহমেদ রনি। ছবিটিতে অভিনয় করছেন অরুণা বিশ্বাস, শান্ত খান প্রমুখ। রায়হান রাফি ‘নূর’ নামে একটি নতুন ছবির শ্যুটিং শুরু করবেন। ১ এপ্রিল শ্যুটিং শুরু হওয়ার কথা। রাফি বলেন, ‘কাজ সব গুছিয়ে এনেছি। ১ এপ্রিল ছবির শ্যুটিং শুরু করতে পারব। ছবির নায়ক চূড়ান্ত। নামটি এখনই বলতে চাইছি না। নায়িকা হিসেবে একজন নতুন মেয়েকে খুঁজছি। আশা করছি এ সময়ের মধ্যে পেয়ে যাব।’ ১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হবে কাজী হায়াৎ পরিচালিত ‘যোগ্য সন্তান’ ছবির শ্যুটিং। ‘যোগ্য সন্তান’ ছবিতে অভিনয় করছেন আলমগীর, সাবেরী আলম, শিবা সানু, নানা শাহ, শান্ত খান প্রমুখ। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক তার ‘যাও পাখি বলো তারে’র শ্যুটিং শুরু করবেন ফেব্রুয়ারি থেকে। এতে নায়িকা মাহির বিপরীতে কাজ করবেন নায়ক আদর আজাদ। পরিচালক সৈকত নাসির শুরু করবেন তার নতুন ছবি ‘মাসুদ রানা’র কাজ। সৈকত জানান, ১৫ ফেব্রুয়ারি থেকে ছবিটির শ্যুটিং শুরু করবেন। ‘মাসুদ রানা’ ছবিটি তৈরি হচ্ছে ‘মাসুদ রানা’ গোয়েন্দা সিরিজ অবলম্বনে। ছবিটির চিত্রনাট্য করেছেন কাজী আনোয়ার হোসেন। মাসুদ রানা চরিত্রে রাসেল রানা ও সোহানা চরিত্রে পূজা চেরি অভিনয় করবেন।
