স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ‘এল ক্লাসিকো’ ম্যাচ দেখার স্বপ্ন পূরণ করতে পারল না রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মালাগায় রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে অ্যাথলেটিক বিলবাও। রাউল গার্সিয়া বিলবাওয়ের পক্ষে করেন জোড়া গোল। তার আগে বুধবার বার্সেলোনা ফাইনাল নিশ্চিত করে ‘এল ক্লাসিকো’র মঞ্চ তৈরি করে রেখেছিল। হারের কারণ হিসেবে প্রথমার্ধের বাজে পারফরম্যান্সকে দুষছেন রিয়াল কোচ জিনেদিন জিদান।
ম্যাচে বল দখলে এগিয়ে ছিল রিয়াল। কিন্তু ম্যাচের প্রথমার্ধেই রিয়ালের কাজটা কঠিন করে তোলেন এক সময় আতলেতিকো মাদ্রিদে খেলা রাউল গার্সিয়া। ১৮ মিনিটে দানি গার্সিয়ার চমৎকার পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রাউল গার্সিয়া। ৩৮ মিনিটে ইনিগো মার্তিনেজকে ডি-বক্সের ভেতরে রিয়ালের লুকাস ভাসকেজ পেছন থেকে টেনে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় বিলবাও। গোলে ব্যবধান দ্বিগুণ করেন গার্সিয়া। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় পিছিয়ে থাকা রিয়াল। ৬২ মিনিটে মার্কো অ্যাসেনসিওর শট বাম পোস্টে বাধা পায়। ৬৯ মিনিটে বক্সের বাইরে থেকে অ্যাসেনসিওর আরেকটি শট ক্রসবারে লাগে। ধারাবাহিক আক্রমণের ফল রিয়াল পায় ৭৩ মিনিটে। কাসেমিরোর হেড বিলবাওয়ের এক ডিফেন্ডারের গায়ে লাগার পর ফাঁকায় বল পেয়ে গোল করেন করিম বেনজেমা। লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও পরে ভিএআর দেখে গোলের বাঁশি বাজান রেফারি। ম্যাচের ইনজুরি সময়ে রিয়ালের পেনাল্টির আবেদন নাকচ হয় ভিএআরে।
জোড়া গোল করা গার্সিয়া বলেন, ‘আমরা কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি। তবে আমরা জানতাম চেষ্টা করলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারব। আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি।’ ম্যাচে রিয়াল নেয় মোট ২১ শট, লক্ষ্যে ছিল ছয়টি। কিন্তু শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের রিয়াল। ম্যাচ শেষে জিদান বলেন, ‘প্রথমার্ধ আমাদের জন্য কঠিন ছিল। আমরা খেলায় ভালোভাবে ছিলাম না, আগেই তারা দুটি গোল করেছে। তারা দুটি সুযোগ পেয়েছে এবং দুটিতেই গোল করেছে। আপনি যখন দুই গোলে পিছিয়ে থাকেন, তখন বিষয়টি (ঘুরে দাঁড়ানো) কঠিন হয়ে পড়ে।’ দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলে রিয়াল। ‘আমরা দ্বিতীয়ার্ধটি ভালো কাটিয়েছি। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছি। একটি গোলও হয়েছে। কিন্তু দ্বিতীয় গোলটি আমরা করতে পারিনি।’ আরও বলেন, ‘এটা (ফাইনালে উঠতে না পারা) কোনো ব্যর্থতা নয়। ব্যর্থতা হলো চেষ্টা না করা, মাঠে সবকিছু নিংড়ে না দেওয়া। জীবনে এমনটা হয়। আপনি সবসময় জিততে পারবেন না। আমরা সবসময় জেতার চেষ্টা করি ঠিকই, কিন্তু জিততে পারি না।’
আগামীকাল রবিবার সেভিয়ায় ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে বিলবাও।
