দ্বিতীয় ধাপে পৌর নির্বাচন

অতীতের ধারাবাহিকতায় ইসিকে সহযোগিতা দেবে সরকার : কাদের

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ০২:৩১ এএম

দ্বিতীয় ধাপের পৌর নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অতীতের ধারাবাহিকতায় নির্বাচন কমিশনকে (ইসি) এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা দেবে সরকার। এটা সরকারের দায়িত্ব।’ গতকাল শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে ইসি সব প্রস্তুতি নিয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শতকরা ৬০ ভাগের বেশি, যা অত্যন্ত ইতিবাচক।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ইতিমধ্যে কেন্দ্রসহ অন্যান্য পর্যায়ে বিভিন্ন কমিটি-উপকমিটি গঠন করেছে, অনুমোদনও দিয়েছে। এসব কমিটির বিষয়ে কেউ কেউ সংক্ষুব্ধ হলে কিংবা কারও অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপিলের সুযোগ থাকবে।’

শেখ হাসিনার নেতৃত্বে দলকে আরও পরিচ্ছন্ন, আধুনিক গণতান্ত্রিক এবং স্মার্টার দলে রূপান্তর করতে চাই উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগেই অভ্যন্তরীণ গণতন্ত্রচর্চার সুযোগ সবচেয়ে বেশি।’

সরকারকে নাকি জনগণ ক্ষমা করবে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘প্রকৃতপক্ষে সরকার জনগণের কল্যাণে কাজ করছে বলেই বারবার শেখ হাসিনাকে সরকার পরিচালনার দায়িত্ব দিচ্ছে। বিএনপির সকল কর্মসূচি রাষ্ট্র ও জনগণের বিপক্ষে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি জনগণ দ্বারা আন্দোলন ও নির্বাচনে বারবার প্রত্যাখ্যাত হয়ে প্রতিশোধ নিচ্ছে, জীবন্ত মানুষ আর সম্পদ পুড়িয়েছে। জনগণ তাদের ক্ষমা করেনি বলেই এখনো অতীতের অপরাধের প্রায়শ্চিত্ত করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত