রাঙ্গামাটিতে শেষ হলো বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ০২:৩২ এএম

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পর্যটন এলাকাগুলোকে আরও জনপ্রিয় করা এবং স্থানীয় তরুণদের মধ্যে এই বিষয়ে আগ্রহ বাড়ানোর লক্ষ্যে সারা দেশের মতো রাঙ্গামাটিতেও অনুষ্ঠিত হয়ে গেল পাঁচ দিনের বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব। গতকাল পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং উৎসবের সমাপনী ঘোষণা দেন।

রাঙ্গামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসবের সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে গত ১১ জানুয়ারি থেকে শুরু হয় বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব। সমাপনী দিনে উৎসবে অংশ নেওয়া ১০০ প্রতিযোগী ফুরোমন পাহাড় আরোহণের মাধ্যমে তাদের ইভেন্ট সম্পন্ন করেন।

পাঁচ দিনের এই উৎসবে পর্বতারোহণ, নৌবিহার, কায়াকিং, হাইকিং ও ট্রেইল রান, টিম বিল্ডিং, ট্রেজার হান্ট, ট্রেকিং, ক্যানিওনিং, ট্রি ট্রেইল, রোপ কোর্স, মাউন্টেইন বাইক, জিপলাইন, রেপলিং, দর্শনীয় স্থান পরিদর্শন ও কেভ ডিসকভারি ইভেন্টসমূহ অনুষ্ঠিত হয়।

এই আয়োজনের সহযোগিতায় ছিল পার্বত্য জেলা পরিষদ, বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা ক্রীড়া সংস্থা, জেলা স্কাউট, রোভার, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, বিভাগ ও দপ্তর।

এর আগে ১১ তারিখে এই উৎসবের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত