পিঠ বাঁচাতে এখন সবাই নৌকায় উঠতে চায় : তথ্যমন্ত্রী

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ০২:৩৩ এএম

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, এখন সবাই   নৌকায় উঠতে চায়। অনেকে লুটপাট করে পিঠ বাঁচাতে, লুণ্ঠিত সম্পদ রক্ষা করতে নৌকায় উঠতে চায়। অনেকেই নৌকায় উঠে রক্ষা পেতে চাচ্ছে। কাউকে সেই সুযোগ দেওয়া হবে না। নৌকায় বেশি মানুষ উঠতে পারে না। গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘পৌরসহ নানা নির্বাচন শুরু হয়েছে। এসব নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা অংশগ্রহণ করবে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে দলের পরীক্ষিতদের মূল্যায়ন করা হবে। দলের দুঃসময়ে দুর্দিনে যারা হাল ধরেছিলেন তাদেরকেই মূল্যায়ন করা হবে।’ শহরের লালদীঘির পূর্বপাড়ে আওয়ামী লীগ কার্যালয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় ড. হাছান মাহমুদ বলেন, ‘১২ বছরে দেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এসব উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে দলের নেতাকর্মীদের। আজকে বাংলাদেশের দেড় কোটি মানুষ নানা প্রকার ভাতা পাচ্ছেন। ১২ বছর আগে এ দেশের কী অবস্থা ছিল, আজ কী অবস্থা, সে বিষয়গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে সরকার কক্সবাজারকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কেউ স্বপ্নেও ভাবেনি কক্সবাজার পর্যন্ত রেললাইন আসবে। কিন্তু তা আজ বাস্তবে রূপ নিয়েছে। আগামী বছর ঢাকা থেকে কক্সবাজার রেল পৌঁছাবে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হয়েছে।’ এসব উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি।

কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মজিবুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফোরকান আহমদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম প্রমুখ।

এর আগে কক্সবাজার প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. মজিবুল ইসলাম তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত