সহিংসতায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ০২:৪৩ এএম

চট্টগ্রামে মাদকবিরোধী পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে আহত ছাত্রলীগের কর্মী আশিকুর রহমান রোহিত (২০) মারা গেছেন।

গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

রোহিত ওমর গনি এমইএস কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন বলে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন।

৮ জানুয়ারি বিকেলে নগরীর দেওয়ানবাজার ভরাপুকুরপাড়সংলগ্ন কেডিএস গলি এলাকায় রোহিত ছুরিকাঘাতের শিকার হন উল্লেখ করে ওসি আরও বলেন, বাকলিয়ায় চান মিয়া মুন্সী লেনের মামণি ক্লাবের কার্যক্রম নিয়ে প্রতিপক্ষের বিরোধ ছিল। ক্লাবের বন্ধুরা ও রোহিত মিলে মাদকবিরোধী পোস্টার লাগালে তা অন্যরা ছিঁড়ে ফেলে। এটা নিয়ে উভয় পক্ষের ঝগড়া হয়। এ নিয়ে ৮ জানুয়ারি রোহিতকে একা পেয়ে কয়েকজন দুর্বৃত্ত ধাওয়া করে ছুরিকাঘাত করে। শুক্রবার সকালে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রোহিত মারা যান।

তিনি আরও বলেন, এ ঘটনায় রোহিতের বড় ভাই জাহিদুর রহমান বাদী হয়ে সাহাবু (২৬), মো. বাবু (২১) ও মো. মহিউদ্দিনকে (৩৫) আসামি করে একটি হত্যাচেষ্টার মামলা করেন বাকলিয়া থানায়। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত