দুই লাখ কোটি ডলারের প্রণোদনা প্রস্তাব বাইডেনের

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ০২:৪৩ এএম

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত অর্থনীতির জন্য ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের একটি প্রণোদনা পরিকল্পনা হাজির করেছেন। আগামী সপ্তাহে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর কংগ্রেসে এ পরিকল্পনা পাস করানোই তার প্রশাসনের কাছে অগ্রাধিকার পাবে বলে জানিয়েছে সিএনএন।

বাইডেনের এ প্রস্তাবে যুক্তরাষ্ট্রের পরিবারগুলোর জন্য এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলার রাখা হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। কংগ্রেসে বাইডেনের প্রস্তাব পাস হলে মার্কিনিরা এককালীন ১ হাজার ৪০০ ডলার করে পাবেন; যা ট্রাম্প প্রশাসনের গত মাসে দেওয়া ৬০০ ডলারের সঙ্গে যুক্ত হয়ে দাঁড়াবে ২ হাজার ডলারে। প্রস্তাবে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ৪১৫ বিলিয়ন ডলার এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ৪৪০ বিলিয়ন ডলার রাখা হয়েছে।

করোনাভাইরাসে এরই মধ্যে প্রায় চার লাখ মানুষের মৃত্যু দেখা যুক্তরাষ্ট্র থেকে মহামারীকে হটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন ডেমোক্র্যাট বাইডেন। গত বছর নির্বাচনী প্রচারণায় তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অধিক কার্যকরভাবে ভাইরাস মোকাবিলার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। এমন এক সময়ে নবনির্বাচিত এ প্রেসিডেন্ট তার প্রণোদনা পরিকল্পনা হাজির করলেন, যখন যুক্তরাষ্ট্রজুড়ে শীতে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে দেখা যাচ্ছে।

বাইডেনের প্রণোদনায় টিকাদান কর্মসূচিতে আরও ২০ বিলিয়ন ডলার যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এ অর্থ দিয়ে যা যা করা হবে তার মধ্যে থাকছে নতুন নতুন টিকাদান কেন্দ্র স্থাপন ও দুর্গম এলাকাগুলোতে মোবাইল ইউনিট পাঠানো। তার প্রণোদনা পরিকল্পনায় শনাক্তকরণ পরীক্ষার আওতা বাড়াতে ৫০ বিলিয়ন এবং বসন্তে বেশিরভাগ স্কুল খুলতে সহায়তা বাবদ ১৩০ বিলিয়ন ডলার রাখা হয়েছে। ট্রাম্প প্রশাসন এরই মধ্যে করোনাভাইরাস প্রতিরোধী দুটি কার্যকর টিকার প্রয়োগ শুরু করেছে, যদিও এ টিকাদান কর্মসূচির গতি নিয়ে স্বাস্থ্য কর্মকর্তারা বেশ হতাশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত