নির্লজ্জের মতো কাজ করলেন কঙ্গনা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ০২:৩০ পিএম

কঙ্গনা রনৌত বৃহস্পতিবার ঘটা করে ‘মণিকর্ণিকা রিটার্নস: দ্য লেজেন্ড অব দিদ্দা’ ছবি তৈরির কথা ঘোষণা দেন। তখন বলেন, কাশ্মীরের রানীর অজানা কাহিনি জানাবেন। আর ২৪ ঘণ্টা পার হতে না হতেই কপিরাইট লঙ্ঘনের অভিযোগ উঠল বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইনের’ বিরুদ্ধে।

লেখক আশিস কাউলের দাবি. নির্লজ্জের মতো সম্মতি ছাড়া তার বই ‘দিদ্দা – কাশ্মীর কি যোদ্ধা রানী’র ঘোষণা দিয়েছেন কঙ্গনা।

সংবাদমাধ্যমকে আশিস জানান, রানী দিদ্দাকে নিয়ে কোনো সৃষ্টিশীল কাজ করার কপিরাইট শুধুমাত্র তার রয়েছে।

তিনি বলেন, “একটা গল্প এবং একটা গোটা বই দখল করে নিয়েছেন প্রখ্যাত অভিনেত্রী তথা সমাজকর্মী, বিশ্বাস করা যায়? কঙ্গনা বলতেই পারেন দিদ্দা একজন ঐতিহাসিক চরিত্র। তা সত্যি, কিন্তু শুধুমাত্র কলহনের দুটি পাতা বাদে আমি ছাড়া আর কোনো ইতিহাসবিদ তাকে নিয়ে লেখেননি। ছয় বছর ধরে গবেষণা করেছি, রানীর সম্বন্ধে তথ্য সংগ্রহ করেছি। কঙ্গনার মতো একজন সচেতন, জ্ঞানী, নিজেকে জাতীয়তাবাদী বলে দাবি করা ব্যক্তিত্বকে এভাবে নিজের ভাবমূর্তি নষ্ট করতে দেখে আমি চূড়ান্ত হতাশ।”

এরপরই আবার আশিস অভিযোগ করেন, এ কাহিনিতে শুধুমাত্র তার অধিকার, তা নির্লজ্জের মতো দখল করেছেন কঙ্গনা। যা আইপিআর ও কপিরাইটের ভিত্তিতে সম্পূর্ণ বেআইনি।

যদিও তিনি বিশ্বাস করতে চান, কঙ্গনা রনৌতকে বিভ্রান্ত করা হয়েছে।

 ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ সিনেমার প্রযোজক কমল জৈনের সঙ্গে যৌথভাবে নতুন ছবিটি প্রযোজনা করছেন কঙ্গনা। তবে আশিসের দাবি নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত