মোংলায় আরও ৪ স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীর ভোট বর্জন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ০২:৩২ পিএম

মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে আরও ৪ স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী ভোট বর্জন করেছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মাদ্রাসা রোডস্থ স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা ভোট বর্জনের ঘোষণা দেন।

তিন নম্বর ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেন, ইউনুস আলী, সুমন মল্লিক ও এমরান হোসেন একসাথে ভোট বর্জনের ঘোষণা দেন।

তারা অভিযোগ করে বলেন, তাদের ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ার পর ইভিএম’এ ফিঙ্গার প্রিন্ট দেয়ার পর প্রতিপক্ষ উটপাখি ও আনারস প্রতীকের লোকজন জোর করে ভোট নিয়ে নিচ্ছেন। এছাড়া তাদের এজেন্টকে বের করে দেয়ার পাশাপাশি কর্মী-সমর্থকদের মারধর ও ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছেন প্রতিপক্ষ।

তারা বলেন, সকাল ১০টা পর্যন্ত স্বাভাবিক ভোট গ্রহণ চলে। এরপর থেকে তারা কেন্দ্র দখল করে তাদের নিজস্ব ভোটার এনে ভোট দেয়াচ্ছেন। এতে সাধারণ ভোটাররা তাদের নাগরিক অধিকার ও ভোট দেয়া থেকে বঞ্চিত হয়েছেন।

সংবাদ সম্মেলনে তারা নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেন। এর আগে সকাল ১০টার দিকে বিএনপির মেয়র ও ১২ কাউন্সিলর প্রার্থী সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত