নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ঢাকা ও চট্টগ্রামে দুটি বিজনেস ইনকিউবেশন সেন্টার তৈরি করছে এসএমই ফাউন্ডেশন। এই বিজনেস ইনকিউবেশন সেন্টার পরিচালনা ও ব্যবস্থাপনায় জাতীয় কৌশলপত্র তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
গতকাল শনিবার এ বিষয়ে আয়োজিত কর্মশালায় এসব তথ্য জানানো হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থনীতিকে শক্তিশালী করতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি খাতের অবদান আরও সম্প্রসারিত করার কোনো বিকল্প নেই। তাই ঢাকা ও চট্টগ্রামের বিজনেস ইনকিউবেশন সেন্টার বাস্তবায়নের মাধ্যমে নতুন উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান বলেন, উদ্যোক্তাদের সহায়তা এবং এসএমই নীতিমালা ২০১৯ বাস্তবায়নে এসএমই ফাউন্ডেশন উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা করবে।
