পটুয়াখালীর মির্জাগঞ্জে যাত্রীবোঝাই দুটি ইজিবাইকসহ ব্রিজ ভেঙে নদীতে পড়ে আইয়ুব আলী (৫৫) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। গত শুক্রবার রাত ৮টার দিকে শ্রীমন্ত নদীর ওপর নির্মিত মহিষকাটা টু কলাগাছিয়ার সংযোগস্থলের ব্রিজটি ভেঙে এ দুর্ঘটনা ঘটে। আইয়ুব আলী কলাগাছিয়া আসমতিয়া দাখিল মাদ্রাসার সুপার। তিনি দুমকি উপজেলার বদপুর এলাকার বাসিন্দা।
স্থানীয়দের সূত্রে জানা যায়, গতকাল রাতে মাদ্রাসা সুপার আইয়ুব আলী তার সভাপতির জন্য ওই ব্রিজের ওপর দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এ সময় ব্রিজের ওপর দুটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল ক্রসিং করছিল। হঠাৎ ব্রিজটি ভেঙে শ্রীমন্ত নদীর ওপর ধসে পড়ে। ইজিবাইকে থাকা সব যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন আইয়ুব আলী। পরে রাত ১০টার দিকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।
মির্জাগঞ্জ থানার ওসি শওকত আনোয়ার বলেন, নিহত মাদ্রাসা সুপারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।
বাউফলে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত : পটুয়াখালীর বাউফলে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে সারোয়ার হোসেন সৈয়দ (৩২) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের জৌতা গ্রামে। তিনি কনকদিয়া স্যার সলিমউল্লাহ স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সারোয়ার হোসেন মোটরসাইকেলযোগে পশ্চিম দিকে থেকে পূর্ব দিকে যাচ্ছিলেন। বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
